সাহারানপুর, ২২ নভেম্বরঃ অপেক্ষা ছিল সুপ্রিম কোর্টের এক বিচারপতির। তাঁকে স্বাগত জানাতে সার্কিট হাউসে রীতিমতো প্রস্তুত পুলিশবাহিনী। নির্দিষ্ট পোশাকে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিলেন পুলিশকর্মীরা। কিন্তু বিচারপতি আসার আগেই সেখানে হাজির হলেন অন্য এক অতিথি। আর তাঁকে দেখেই শুরু হয়ে গেল স্যালুট! শুধু তাই নয়, বিচারপতির জন্য নির্ধারিত ‘গার্ড অফ অনার’ও দেওয়া হল তাঁকে। তিনি আর কেউ নন, এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। উত্তরপ্রদেশের সাহারানপুরের এই ঘটনায় এখন রীতিমতো হাসির রোল সমাজমাধ্যমে। যদিও বিষয়টি হালকা ভাবে নিতে নারাজ পুলিশ প্রশাসন। কী ভাবে এমন বিভ্রান্তি তৈরি হল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার পুলিশ সুপার।
ঘটনাটি শনিবার সকালের। সাহারানপুরের সার্কিট হাউসে সুপ্রিম কোর্টের এক বিচারপতির আসার কথা ছিল। সেই উপলক্ষে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়েছিলেন কর্তব্যরত পুলিশকর্মীরা। নির্দিষ্ট নিয়ম মেনে গার্ড অফ অনার দেওয়ার জন্যও তৈরি ছিলেন তাঁরা। কিন্তু বিচারপতি এসে পৌঁছনোর আগেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে সেখানে প্রবেশ করেন ওয়েইসি।
অভিযোগ, তাঁকে দেখেই বিভ্রান্ত হয়ে পড়েন কর্তব্যরত পুলিশকর্মীরা। বিচারপতি ভেবে তাঁকেই স্যালুট করতে শুরু করেন তাঁরা। এমনকি আনুষ্ঠানিক গার্ড অফ অনারও দেওয়া হয়। ওয়েইসিকেও সেই অভ্যর্থনা গ্রহণ করতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় চর্চা। বিচারপতির জন্য তৈরি সম্মানসূচক অভ্যর্থনা কী ভাবে অন্য একজনের কাছে পৌঁছে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে ওয়েইসির সাহারানপুর সফরের পিছনে ছিল রাজনৈতিক কর্মসূচি। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেখানে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম)-এর প্রধান চন্দ্রশেখর আজাদ। দুই নেতার যৌথ সাংবাদিক বৈঠক করার কথা ছিল। আসন্ন নির্বাচনে রাজনৈতিক সমীকরণ তৈরির লক্ষ্যে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ নামে একটি যৌথ মঞ্চ গঠনের ঘোষণাও করেছেন তাঁরা।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরই তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন। সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) পুলিশ সুপার (গ্রামীণ)-কে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। কী কারণে পরিচয় শনাক্ত করতে ভুল হল, কার দায়িত্বে এই ঘটনা ঘটল এবং নির্ধারিত প্রোটোকল মানা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে নিয়মমাফিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
একটি ভুল পরিচয়ের জেরে বিচারপতির অভ্যর্থনা রাজনৈতিক নেতার ভাগ্যে জুটল! সাহারানপুর পুলিশের এই কাণ্ডে আপাতত হাসির খোরাক জুগিয়েছে সমাজমাধ্যম। তবে প্রশাসনিক স্তরে বিষয়টি যে যথেষ্ট অস্বস্তির, তা বলাই বাহুল্য।





