আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গান শুনে বাড়ি ফেরা হল না প্রতাপের! মাসখানেক আগে ফিরেছিলেন ভিন্‌রাজ্য থেকে, বিয়ের স্বপ্নও ছিল চোখে, ডাম্পারের ধাক্কায় শেষ সব আশা

Published on: November 22, 2026
---Advertisement---

শীতলকুচি, ২২ নভেম্বরঃ বন্ধুদের সঙ্গে গান শুনতে বেরিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, কিছুটা আনন্দ করে বাড়ি ফেরা। কিন্তু সেই ফেরাই যে জীবনের শেষ যাত্রা হয়ে উঠবে, তা কি আর জানতেন প্রতাপ বর্মন! গান শোনা শেষ করে ই-অটোয় চেপে বাড়ির পথে রওনা দিয়েছিলেন পাঁচ বন্ধু। মাঝপথেই শিবপুর চৌপতি সংলগ্ন এলাকায় একটি ডাম্পারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল তাঁদের ই-অটো। মুহূর্তের মধ্যে থেমে গেল প্রতাপের জীবনের পথচলা। গুরুতর দুর্ঘটনায় মৃত্যু হল শীতলকুচির সর্বেশ্বর জয়দুয়ার এলাকার ওই যুবকের। আহত হলেন তাঁর সঙ্গে থাকা আরও চার জন। একটি দুর্ঘটনায় তছনছ হয়ে গেল পরিবারের সাজানো ভবিষ্যতের স্বপ্ন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল এলাকার বন্ধুদের সঙ্গে গান শুনতে গিয়েছিলেন প্রতাপ। অনুষ্ঠান শেষে পাঁচ জন একটি ই-অটোয় চেপে বাড়ি ফিরছিলেন। শিবপুর চৌপতি সংলগ্ন এলাকায় পৌঁছতেই একটি ডাম্পার ই-অটোতে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে কার্যত দুমড়ে-মুচড়ে যায় ছোট্ট যানটি। দুর্ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার করা হয় আহতদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতাপের।

দুর্ঘটনায় আহত হন ই-অটোচালক বিপ্লব সরকার-সহ বাকি চার জন। তাঁদের মধ্যে শ্যামাপদ সরকার বর্তমানে কোচবিহারে চিকিৎসাধীন। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাতেই শীতলকুচি থানার পুলিশ প্রতাপের দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে দুর্ঘটনার খবরের চেয়েও প্রতাপের পরিবারের কাছে বড় হয়ে উঠেছে অসময়ে তাঁকে হারানোর যন্ত্রণা। তিন ভাইয়ের মধ্যে প্রতাপ ছিলেন সবার ছোট। সংসারের আর্থিক অনটন সামাল দিতে ভিন্‌রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তিনি। মাসখানেক আগেই বাড়ি ফিরেছিলেন। আবারও কাজের উদ্দেশ্যে ভিন্‌রাজ্যে পাড়ি দেওয়ার কথা ছিল রবিবার। কিন্তু সেই যাত্রার আগেই সব শেষ।

পরিবারের কাছে আরও বড় আঘাত, প্রতাপের বিয়ের কথাবার্তাও চলছিল। ছোট ছেলের নতুন জীবন শুরুর স্বপ্ন দেখছিলেন বাড়ির লোকজন। বিয়ে, সংসার, ভবিষ্যৎ কত পরিকল্পনাই না ছিল। ভিন্‌রাজ্যে পরিশ্রম করে উপার্জন করা ছেলেটিকে ঘিরে পরিবারের আশা ছিল অনেক। কিন্তু একটি দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে সেই সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।

যে বাড়িতে কিছু দিন পর বিয়ের আনন্দে সানাই বাজতে পারত, সেই বাড়িতেই এখন শোকের মাতম। বন্ধুদের সঙ্গে গান শুনে বাড়ি ফেরার কথা ছিল প্রতাপের। অথচ ফিরলেন না তিনি। ফিরল তাঁর নিথর দেহ। শীতলকুচির সর্বেশ্বর জয়দুয়ারে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কান্না আর স্বজনদের হাহাকারে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment