আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘দলের অন্দরেই এসআইআর দরকার’, প্রলয় পালের পোস্টে অস্বস্তিতে বঙ্গ বিজেপি! পুরনো বনাম নব্য দ্বন্দ্বে বাড়ছে চাপ

Published on: November 18, 2026
---Advertisement---

কলকাতা, ১৮ নভেম্বরঃ দলের অন্দরে কোন্দল থামাতে যখন কড়া অবস্থান নেওয়ার বার্তা দিচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্ব, তখনই নতুন করে অস্বস্তি বাড়ালেন দলেরই এক নেতা। এ বার সরাসরি সমাজমাধ্যমে ‘দলের অন্দরেই এসআইআর’ (বিশেষ নিবিড় সংশোধন) প্রয়োজন বলে মন্তব্য করলেন নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল। তাঁর নিশানায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা-কর্মীদের একাংশ। পুরনো কর্মীদের উপেক্ষা করে দলবদলুদের গুরুত্ব দেওয়ার প্রবণতা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের প্রবণতা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই নানা সময়ে অসন্তোষ প্রকাশ্যে এসেছে। এ বার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল প্রলয় পালের পোস্ট। তাঁর বক্তব্য, ‘চোরেরা কনভার্ট হচ্ছে জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে। দ্রুত দলেই এসআইআর প্রয়োজন।’ অর্থাৎ, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতা-কর্মীদের মধ্যে কারা প্রকৃতপক্ষে দলের আদর্শে বিশ্বাসী, তা যাচাই করার দাবি তুলেছেন তিনি।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, তমলুক সাংগঠনিক জেলায় সভাপতি বদলের ঠিক পরেই এই পোস্ট করেছেন প্রলয়। নতুন দায়িত্ব পেয়েছেন সোমনাথ ভুঁইঞা। তিনি একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে নতুন জেলা সভাপতির দায়িত্ব গ্রহণের পরেই প্রলয়ের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও তাঁর বক্তব্য, কোনও ব্যক্তি বা নির্দিষ্ট নেতাকে নিশানা করে পোস্টটি করেননি তিনি।

যোগাযোগ করা হলে প্রলয় বলেন, কোথাও পুলিশ মণ্ডল সভাপতির ভূমিকা নিচ্ছে, আবার কোথাও মণ্ডল সভাপতি পুলিশের ভূমিকা পালন করছেন। মন্ত্রীদের দুর্নীতি এবং দলের মধ্যে ‘বেনোজল’ ঢোকা নিয়ে মন্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, বছরের পর বছর ধরে যাঁরা তৃণমূল স্তরে রক্তজল করে দল তৈরি করেছেন, তাঁরাই এখন পিছনের সারিতে চলে যাচ্ছেন। অন্য দিকে, রাতারাতি দলবদল করে আসা ব্যক্তিরা গুরুত্ব পাচ্ছেন। এই প্রবণতা নিয়েই তাঁর আপত্তি।

শুধু তমলুক নয়, পানিহাটির ঘটনাও বিজেপির অন্দরের বিভাজনকে সামনে এনে দিয়েছে। বিজেপি কর্মী অরূপ সাহার মৃত্যুকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, ১৪ নম্বর ওয়ার্ডের কর্তৃত্ব কার হাতে থাকবে, তা নিয়েই পুরনো ও নব্য বিজেপি কর্মীদের মধ্যে সংঘাতের সূত্রপাত। বিধায়ক ও জেলা সভাপতির অনুগামীদের বিরোধের অভিযোগও উঠেছে। যদিও এই অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ।

পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পানিহাটিতে যাওয়ার কথা বিজেপির তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দলের। অন্য দিকে, সোমবারের বৈঠকে গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল। বিধায়ক কৌস্তভ বাগচীকে ডেকে সতর্ক করার পাশাপাশি পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের সঙ্গেও আলোচনা করে মনোমালিন্য মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, ক্ষমতায় আসার পর বিজেপির সামনে এখন বড় চ্যালেঞ্জ পুরনো কর্মীদের ধরে রাখা এবং নতুনদের সঙ্গে তাঁদের সমন্বয় তৈরি করা। রাজ্য নেতৃত্বের কড়া বার্তার মধ্যেই প্রলয় পালের ‘অন্দরমহলে এসআইআর’-এর দাবি সেই সমস্যাকেই আরও এক বার প্রকাশ্যে নিয়ে এল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বুলডোজার চলবে দাউদের পৈতৃক বাড়িতে! ১৮-১৯ নভেম্বর ভাঙার তোড়জোড়, মসজিদ নিয়েও বাড়ছে বিতর্ক

‘সোনিয়ার স্মৃতিকথায় অসত্যের ছায়া, প্রণবকে ঘিরে বিদ্বেষ’, প্রাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কে এবার সরব সুখেন্দুশেখর

এসআইআর মামলায় আপাতত বিরোধীদের আর্জিতে সাড়া নয়, কমিশনের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট! পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

গভীর রাতে দিনহাটার শীতলাবাড়ি মন্দিরের গোডাউনে বিধ্বংসী আগুন, অল্পের জন্য রক্ষা পেল গোটা এলাকা

হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতিকে বাঁচানোর উদ্যোগ, তিন দিন ধরে কুশান পালার কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহা নবমীতে মদনমোহন মন্দিরে জগদ্ধাত্রী আরাধনা, পুজো দিতে ভক্তদের ঢল কোচবিহারে

Leave a Comment