পূর্ব মেদিনীপুর, ১৬ নভেম্বরঃ রাজ্যে ক্ষমতার পালাবদলের ছ’মাসও কাটেনি। তার মধ্যেই শাসকদল বিজেপির একাংশের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল এবং প্রভাব খাটানোর অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে দলের অন্দরে। নিচুতলার কর্মীদের একাংশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিজেপির একাধিক নেতা। দলীয় কর্মীদের সতর্ক করে কড়া বার্তাও দিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঘটনা। অভিযোগ, খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ব্যবহার করে প্রায় ৬ কোটি টাকা তোলাবাজি করেছেন বিজেপির এক মণ্ডল নেতা। ঘটনার খবর সামনে আসতেই দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর পরেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অভিজিৎ করণ। তিনি নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি। অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে টাকা তুলতেন তিনি। শুধু চাকরির টোপই নয়, নির্বাচনে দলের প্রার্থী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে প্রতারণা ও তোলাবাজির অঙ্ক প্রায় ৬ কোটি টাকা বলে অভিযোগকারীদের দাবি।
অভিযোগের তালিকায় রয়েছেন বিজেপির একাধিক নেতাও। এক প্রতারিত বিজেপি নেতার দাবি, বিধানসভা নির্বাচনে প্রার্থী করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন অভিজিৎ। কলকাতার একটি হোটেলে ওই টাকা লেনদেন হয়েছিল বলে অভিযোগ। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ তো মেলেইনি, ফেরত পাননি জমা দেওয়া টাকাও। একই কায়দায় খঞ্চির এক বিজেপি নেতার কাছ থেকেও প্রায় ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযোগ, মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়েই নাকি এই টাকা তোলার কারবার চালাতেন অভিজিৎ। বিষয়টি প্রকাশ্যে আসতেই দলের অন্দরে শুরু হয় তীব্র অস্বস্তি। প্রতারিত এক বিজেপি নেতা নন্দকুমার-১ মণ্ডলের সহ-সভাপতির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার খবর মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ যায় পুলিশ প্রশাসনের কাছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের কাছেও অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ পৌঁছয় বলে সূত্রের খবর। তার পরেই অভিজিৎ করণকে গ্রেপ্তার করে পুলিশ।
ক্ষমতায় আসার পর থেকেই দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখার বার্তা দিয়ে আসছে বিজেপি নেতৃত্ব। সেখানে মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে দলেরই এক নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা তোলার অভিযোগ নতুন করে প্রশ্ন তুলে দিল শাসকদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে। যদিও অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ। তবে এই ঘটনায় নিচুতলার নেতাদের উদ্দেশে বিজেপি নেতৃত্বের কড়া বার্তা আরও একবার স্পষ্ট দলের নাম বা ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার অভিযোগ বরদাস্ত করা হবে না।





