আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পাঁচ মাসেই এনসিপিআইয়ে মোহভঙ্গ! মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরার ইঙ্গিত হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের

Published on: November 13, 2026
---Advertisement---

কলকাতা, ১৩ নভেম্বরঃ  দলবদলের পাঁচ মাসের মধ্যেই কি ফের ঘর ওয়াপসির ইঙ্গিত? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই কি আবার আস্থা রাখতে চাইছেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়? শুক্রবার কলকাতায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মমতাপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষের পাশে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসূন জানিয়ে দিলেন, তিনি এখন অন্য রাজনৈতিক দলে থাকলেও ফিরে আসবেন। তাঁর কথায়, ‘‘খেলার ময়দানে অনেক বার দল পালটেছি। এখন একটা রাজনৈতিক দলে আছি ঠিকই। তবে আমি আবার ফিরে আসব।’’ যদিও কবে, কোন দলে ফিরবেন, তা স্পষ্ট করেননি তিনি।

শুক্রবার বিবাদীবাগে প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন এবং জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। সেই মঞ্চেই এক অন্য রাজনৈতিক সমীকরণের ছবি ধরা পড়ে। এক দিকে পাশাপাশি বসেন মমতাপন্থী তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নেতা মদন মিত্র। উপস্থিত ছিলেন বামফ্রন্টের বর্ষীয়ান নেতা বিমান বসুও। আর সেই অনুষ্ঠানে কুণাল ঘোষের পাশে বসেই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন প্রসূন।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে ভাঙন দেখা দেয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা রাজনৈতিক শিবির তৈরি হওয়ার পাশাপাশি তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেন ২০ জন সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন হাওড়ার সাংসদ প্রসূনও। জোড়াফুল প্রতীকের অধিকার এবং দলের সাংগঠনিক পরিচয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি বিচারাধীন রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা। এই পরিস্থিতিতে প্রসূনের প্রত্যাবর্তনের ইঙ্গিত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এনসিপিআইয়ে যোগ দেওয়ার পর থেকেই দলত্যাগ সংক্রান্ত আইনি জটিলতাও তাঁদের পিছু ছাড়েনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজের আবেদন জানিয়েছেন। সেই আবেদনের নিষ্পত্তি এখনও হয়নি। অন্য দিকে, রাজনৈতিক মহলের একাংশের মতে, দলবদলের পর জনসমর্থন ধরে রাখাও তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিচিতি ও জনপ্রিয়তাকে সামনে রেখেই নির্বাচনী সাফল্য পাওয়া সাংসদদের ভবিষ্যৎ অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে।

এই আবহে প্রসূনের ‘ফিরে আসব’ মন্তব্যকে নিছক ব্যক্তিগত ইঙ্গিত হিসেবে দেখছে না রাজনৈতিক মহল। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কুণাল ঘোষের পাশে বসে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

অন্য দিকে, অনুষ্ঠানে উপস্থিত মদন মিত্রের মন্তব্যও নতুন করে রাজনৈতিক জল্পনা বাড়িয়েছে। মমতাপন্থী তৃণমূলের সাম্প্রতিক সাংগঠনিক পরিস্থিতি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক। তাঁর কথায়, ‘‘আমরা খুব খুশি হয়েছি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত অভিষেককে সরিয়ে কুণাল ও কল্যাণের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। আমার মনে হয়, এরকম ভাবে চললে তৃণমূলের ভবিষ্যৎ বদলে যেতে পারে।’’

সব মিলিয়ে প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনের অনুষ্ঠান হয়ে উঠল বাংলার রাজনীতির নতুন সমীকরণের মঞ্চ। একই অনুষ্ঠানে মমতাপন্থী ও ঋতপন্থী নেতাদের পাশাপাশি উপস্থিতি, তার উপর প্রসূনের প্রত্যাবর্তনের ইঙ্গিত সব মিলিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন একটাই, পাঁচ মাসের মধ্যেই কি ফের পুরনো শিবিরে ফিরতে চলেছেন হাওড়ার সাংসদ?

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

২১ নভেম্বর কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী মোদি, উদ্বোধনের অপেক্ষায় অরেঞ্জ লাইন

বাংলার ‘আনস্কিলড’ শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা করার দাবি শুভেন্দুর! শিবরাজের সঙ্গে কথা নবান্নে বসে জানালেন মুখ্যমন্ত্রী

‘জেলের ভাত খেতে না চাইলে ধান কেনায় মিডলম্যান হয়ে ঢুকবেন না’, কোচবিহারে এসে হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে ৭ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার, বাড়তি ৩০ হাজার দেওয়ার ঘোষণা শুভেন্দুর

বিরোধীদের আন্দোলনের ‘মুখোশ’ খুলতে এবার ঘরে ঘরে বিজেপি! বিধানসভা পিছু ২০০ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলবেন নেতারা

ছটপুজোর আগে ব্রতীদের পাশে বিজেপি, ১০ নম্বর ওয়ার্ডে পুজোর সামগ্রী বিতরণ

Leave a Comment