মনিরুল হক, কোচবিহার: ধান কেনার সরকারি প্রক্রিয়ায় কোনও রকম মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। রেশন দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে এবার ধান সংগ্রহের প্রক্রিয়াতেই নজরদারি বাড়াতে চাইছে রাজ্য সরকার। কোচবিহারে প্রশাসনিক বৈঠক শেষে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনীয়া। তাঁর হুঁশিয়ারি, ‘‘যাঁরা মিডলম্যান ছিলেন, তাঁদের বার্তা দিতে এসেছি। জেলের ভাত খেতে না চাইলে প্যাডি প্রকিউরমেন্টে ঢুকবেন না।’’ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ধান কেনার কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার কোচবিহারে এসে প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, বিগত সরকারের আমলে যে রেশন দুর্নীতি হয়েছে, তার প্রাথমিক স্তর ছিল ধান সংগ্রহ বা প্যাডি প্রকিউরমেন্ট। খাদ্য দফতর এবং সমবায় দফতর দুই দফতরের সঙ্গেই ধান কেনার প্রক্রিয়া যুক্ত। ফলে এই ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানোই সরকারের অন্যতম লক্ষ্য। মন্ত্রীর কথায়, মানুষের করের টাকা খরচ করে কৃষকদের কাছ থেকে ধান কেনা হয়। তাই প্রকৃত কৃষকেরাই যাতে সরকারকে ধান বিক্রি করতে পারেন এবং ন্যায্য সহায়ক মূল্য পান, তা নিশ্চিত করতে চায় সরকার।
কোচবিহার জেলার চালের চাহিদা অনুযায়ীই ধান কেনার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। অর্থাৎ, জেলায় যতটা চাল প্রয়োজন, সেই হিসাব মাথায় রেখেই ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি জেলার রেশন ব্যবস্থায় যে সমস্যাগুলি রয়েছে, সেগুলি নিয়েও প্রশাসনিক বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এদিন কোচবিহার এসডিও অফিসও পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। উদ্বাস্তু পরিবারগুলির নাগরিকত্ব সংক্রান্ত বিষয় নিয়ে তাঁর বক্তব্য, যাঁরা সিএএ-তে আবেদন করেছেন, তাঁদের আগামী ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রীর উদ্যোগে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া এগোবে। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদেরও আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি। ১৯৫২ সালে ভারতে আসা উদ্বাস্তু পরিবারগুলির সদস্যদেরও নাগরিকত্বের জন্য আবেদন করতে বলেন মন্ত্রী।
ধান কেনায় স্বচ্ছতা, রেশন ব্যবস্থার সমস্যা দূর করা এবং উদ্বাস্তুদের নাগরিকত্ব একাধিক বিষয়কে সামনে রেখে কোচবিহার সফরে প্রশাসনকে বার্তা দিলেন খাদ্যমন্ত্রী।





