কলকাতা, ১৩ নভেম্বরঃ বিরোধীদের আন্দোলনের পাল্টা প্রচারে এবার নতুন কৌশল বিজেপির। শুধু সভা-সমাবেশ বা মিছিল নয়, সমাজের প্রভাবশালী ও বিশিষ্ট ব্যক্তিদের দরজায় পৌঁছে যেতে চাইছে গেরুয়া শিবির। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ কর্মসূচির প্রথম পর্বের পর এবার দ্বিতীয় দফায় বিধানসভাভিত্তিক জনসংযোগে নামছে বিজেপি। লক্ষ্য, এসআইআর-সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের আন্দোলনের পাল্টা যুক্তি তুলে ধরা এবং সমাজের সর্বস্তরের মানুষের মতামত সংগ্রহ করা।
দলীয় সূত্রে খবর, প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় অন্তত ২০০ জন বিশিষ্ট ব্যক্তির বাড়িতে যাবেন বিজেপির নেতা-কর্মীরা। শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তাঁরা। যাঁরা সংশ্লিষ্ট এলাকায় জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, তাঁদের সঙ্গে বিশেষ ভাবে যোগাযোগ করা হবে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মতামতও জানতে চাইবে দল। সেই মতামত সংগ্রহ করে রিপোর্ট আকারে পাঠানো হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।
এই কর্মসূচিতে বিরোধীদের বিরুদ্ধে চার পাতার একটি পুস্তিকাও ব্যবহার করবে বিজেপি। তাতে এসআইআর এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের অভিযোগের পাল্টা ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। বিজেপির দাবি, কংগ্রেসের শাসনকালেও একাধিকবার এসআইআর হয়েছে। পুস্তিকায় উল্লেখ করা হয়েছে, ১২ বারের মধ্যে ১০ বারই এই প্রক্রিয়া হয়েছে কংগ্রেস সরকারের আমলে। পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণ, মৃত্যু, স্থানান্তর এবং অনুপ্রবেশের মতো বিষয়গুলিও পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে।
উল্লেখ্য, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব কংগ্রেস, বাম ও অন্যান্য বিরোধী দল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও আন্দোলনে নেমেছে বিরোধীরা। রাজনৈতিক মহলের একাংশের মতে, ২০২৭ সালের উত্তরপ্রদেশ, গুজরাত ও উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের আন্দোলনের ধার আরও বাড়তে পারে। সেই পরিস্থিতিতে আগেভাগেই পাল্টা জনমত তৈরির কৌশল নিয়েছে বিজেপি।
দলীয় নেতৃত্বের বক্তব্য, এই কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক প্রচার নয়, দেশের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আলোচনার উদ্যোগও। মিছিলের রাজনীতি পেরিয়ে এবার সরাসরি মানুষের দরজায় পৌঁছে নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করাই গেরুয়া শিবিরের লক্ষ্য।





