দিনহাটা, ১২ নভেম্বরঃ কালীপুজোর বিসর্জন ঘিরে বচসা। তা থেকেই ক্রমে উত্তেজনা, শেষ পর্যন্ত সংঘর্ষ। ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন বিজেপির এক বুথ সভাপতি এবং দলের এক কর্মী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটার মাতালহাট এলাকায়। আহতদের নাম বৃন্দাবন দাস এবং দীপঙ্কর দাস। দু’জনেই বিজেপির কর্মী বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
বিজেপির অভিযোগ, কালীপুজোর বিসর্জনের সময় স্থানীয় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যার স্বামী মহেশ্বর বর্মন জোর করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তা নিয়েই প্রথমে বচসার সূত্রপাত। পরে সেই বিবাদ মেটাতে গেলে মহেশ্বর ও তাঁর সঙ্গীরা বৃন্দাবনকে মারধর করেন বলে অভিযোগ। দাদাকে আক্রান্ত হতে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন ভাই দীপঙ্কর। অভিযোগ, সেই সময় দীপঙ্করের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। অস্ত্রের আঘাতে তাঁর একটি আঙুল কেটে যায়। পরে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মহেশ্বর বর্মন, কামিনী রায় এবং বাদল বর্মনের বিরুদ্ধে। বিজেপির সিতাই ৪ নম্বর মণ্ডল সভাপতি শঙ্কু সরকারের দাবি, হামলার ঘটনায় শুধু তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীই নন, ৪ মে-র পর নিজেদের বিজেপি বলে দাবি করা কয়েক জনও জড়িত রয়েছেন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মহেশ্বরের স্ত্রী তথা ৬/১৫০ নম্বর তৃণমূল পঞ্চায়েত সদস্যা শ্যামলী রায়। তাঁর পাল্টা দাবি, বিজেপির নেতাকর্মীরা তাঁদের বাড়ি ভাঙচুর করতে এসেছিলেন। তাঁর স্বামী এবং দুই ভাসুরকে মারধর করার পাশাপাশি বাড়ি থেকে গয়না লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শ্যামলীর বক্তব্য, বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তাঁরা আগে থেকে কাউকে মারধর করতে যাননি।
একই ঘটনাকে ঘিরে দুই শিবিরের পরস্পরবিরোধী অভিযোগে মাতালহাটে উত্তেজনা তৈরি হয়েছে। বিসর্জনের রাতের বিবাদ কীভাবে এমন সংঘর্ষের চেহারা নিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে প্রকৃত ঘটনা কী, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।





