আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কৃষ্ণনগরের বুড়িমার আদলে প্রতিমা, উদ্বোধনে বিশেষ চমক! ব্লাইন্ড শিশুদের হাত ধরে পঞ্চম বর্ষে সুভাষপল্লীর জগদ্ধাত্রী পুজো

Published on: November 12, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১২ নভেম্বরঃ  উৎসবের মরশুমে দুর্গাপুজো, কালীপুজোর রেশ কাটতে না কাটতেই শহরজুড়ে শুরু জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। আলোর রোশনাই, প্রতিমার সাজ আর মণ্ডপের অভিনবত্বে ফের দর্শনার্থীদের মন জয়ের অপেক্ষায় শিলিগুড়ির পুজো উদ্যোক্তারা। সেই তালিকায় এবার বিশেষ আকর্ষণ হতে চলেছে সুভাষপল্লীর জগদ্ধাত্রী পুজো। পঞ্চম বর্ষে পা রেখেই একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে এই পুজো কমিটি। কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমার আদলে প্রতিমা, নজরকাড়া আলোকসজ্জা থেকে শুরু করে বিশেষভাবে সক্ষম শিশুদের হাত ধরে পুজোর উদ্বোধন সব মিলিয়ে এবার আয়োজনের সুরে থাকছে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন।

এবছর সুভাষপল্লীর পুজোর অন্যতম আকর্ষণ কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমার আদলে জগদ্ধাত্রী প্রতিমা। প্রতিমার রূপ ও সাজসজ্জায় কৃষ্ণনগরের শিল্পভাবনাকে তুলে ধরতে চাইছেন উদ্যোক্তারা। পাশাপাশি মণ্ডপ চত্বর সাজিয়ে তোলা হবে বর্ণময় আলোকসজ্জায়। উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় টানতে প্রতিমা ও আলোর পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কর্মসূচিও।

তবে এবারের পুজোয় সবচেয়ে বেশি নজর কাড়তে চলেছে উদ্বোধনের ভাবনা। আগামী ১৪ নভেম্বর ব্লাইন্ড শিশুদের হাত ধরে পুজোর শুভ সূচনা করার পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা। উৎসবের আনন্দকে সমাজের বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার এই উদ্যোগ পুজোর আয়োজনকে দিয়েছে অন্য মাত্রা। শুধুমাত্র আড়ম্বর নয়, উৎসবের পরিসরে মানবিকতার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির তোড়জোড়। বৃহস্পতিবার সুভাষপল্লীর হাতিমোড় এলাকায় মহা আড়ম্বরে অনুষ্ঠিত হয় পুজোর খুঁটিপুজো। পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয় পঞ্চম বর্ষের উৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে পুজো ও নানা অনুষ্ঠান। ১৯ নভেম্বর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। শহরের উৎসবের ক্যালেন্ডারে এবার সুভাষপল্লীর জগদ্ধাত্রী পুজো তাই শুধু প্রতিমার বৈচিত্রে নয়, বিশেষ উদ্যোগের জন্যও আলাদা করে নজর কাড়তে চলেছে। এখন অপেক্ষা উৎসবের সূচনার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment