কোচবিহার, ২৮ সেপ্টেম্বরঃ স্কুলে যাওয়ার পথে পড়ুয়াদের নিরাপত্তা কতটা নিশ্চিত? কোন গাড়িতে তারা যাতায়াত করছে, সেই গাড়িতে আদৌ মানা হচ্ছে কি না নিরাপত্তা বিধি? এ বার সেই বিষয়গুলিকেই সামনে রেখে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসল কোচবিহার জেলা ট্রাফিক পুলিশ। জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং ম্যানেজিং অথরিটিদের নিয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে পড়ুয়াদের যাতায়াত এবং পথ নিরাপত্তার একাধিক দিক নিয়ে আলোচনা হয়।
ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে মূলত স্কুলপড়ুয়াদের বহনকারী গাড়িগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্কুলবাস, ছোট গাড়ি বা পড়ুয়াদের যাতায়াতে ব্যবহৃত অন্যান্য যানবাহনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার কথা স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়।
বৈঠকে পুলিশের তরফে জোর দেওয়া হয়, পড়ুয়াদের বহনকারী কোনও গাড়ি চালানোর সময় নিয়ম ভাঙা বা অসতর্কতার সুযোগ যেন না থাকে। গাড়ির প্রয়োজনীয় নথিপত্র, নিরাপত্তা বিধি, চালকের দায়িত্ব এবং যাতায়াতের সময়ে সতর্কতা বিভিন্ন বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষকে সচেতন করা হয়। পড়ুয়াদের ওঠানামার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের বিষয়টিও আলোচনায় আসে।
শুধু গাড়ির চালক বা পরিবহণ ব্যবস্থার উপর দায়িত্ব না দিয়ে স্কুল কর্তৃপক্ষকেও নজরদারিতে ভূমিকা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পড়ুয়াদের নিরাপদে স্কুলে পৌঁছনো এবং বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করতে স্কুল ও প্রশাসনের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। ট্রাফিক পুলিশের এই উদ্যোগের পিছনে মূল লক্ষ্য, স্কুলপড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি কমানো এবং পরিবহণ ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা।
বৈঠকে উপস্থিত ছিলেন DSP Traffic বিক্রম প্রসাদ, ট্রাফিক ইন্সপেক্টর, ওসি-সহ ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিকেরা। জেলার বিভিন্ন স্কুলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের উপরেই গুরুত্ব দেওয়া হয়। স্কুলপড়ুয়াদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগামী দিনেও এই ধরনের সমন্বয় বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে।





