মালদা, ১৯ সেপ্টেম্বরঃ মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আচমকা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ‘সারপ্রাইজ ভিজিট’। শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল চত্বরে পৌঁছে একের পর এক ওয়ার্ড ঘুরে দেখলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার। আর সেই পরিদর্শনেই সামনে এল হাসপাতালের পরিষেবা নিয়ে রোগী ও পরিজনদের নানা অভিযোগ। কোথাও সিনিয়র চিকিৎসকের অনুপস্থিতি, কোথাও আবার চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ রোগীদের মুখে অভিযোগ শুনে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
জরুরি বিভাগ দিয়েই শুরু হয় পরিদর্শন। এর পর মেডিসিন এবং সার্জারি ওয়ার্ডে গিয়ে রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন সুমনা। হাসপাতালে চিকিৎসা কেমন হচ্ছে, চিকিৎসকেরা নিয়মিত আসছেন কি না, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহার কেমন একাধিক বিষয়ে সরাসরি জানতে চান তিনি।
কথা বলতে গিয়ে কয়েক জন রোগী ও তাঁদের পরিজন পরিষেবা নিয়ে অভিযোগ করেন বলে হাসপাতাল সূত্রে খবর। অভিযোগের তালিকায় উঠে আসে চিকিৎসকের অনুপস্থিতি থেকে শুরু করে নার্সিং পরিষেবা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা। সব শুনে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মীদের সামনেই অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, “ঠিকমতো পরিষেবা দিন। রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে ভাল ব্যবহার করুন।” পরে তিনি বলেন, সরকারি হাসপাতালে মানুষ পরিষেবা পাওয়ার আশাতেই আসেন। তাই প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
মন্ত্রীর আচমকা পরিদর্শনে হাসপাতাল চত্বরে অবশ্য তৎপরতা দেখা যায়। বিভিন্ন বিভাগের পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকেও পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি। যে ঘাটতিগুলি নজরে এসেছে, সেগুলি দ্রুত মেটানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের পরিষেবা ব্যবস্থার উপর নজরদারি বাড়ানোর বার্তা আগেই দেওয়া হয়েছে। তার মধ্যেই মন্ত্রীর এই আচমকা পরিদর্শন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে হাসপাতাল মহল।
মালদহ মেডিক্যালের মতো গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে রোগীর চাপ বরাবরই বেশি। ফলে চিকিৎসক থেকে নার্সিং পরিষেবা, পরিকাঠামো থেকে পরিচ্ছন্নতা প্রতিটি ক্ষেত্রেই পরিষেবার মান বজায় রাখা বড় চ্যালেঞ্জ। শুক্রবারের পরিদর্শনে সেই জায়গাগুলিই আরও এক বার সামনে এনে দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।





