মাথাভাঙ্গা, ১৫ সেপ্টেম্বরঃ ব্যবসার কাজ সেরে বাজার করে মাছ কিনেছিলেন। মোটরবাইকে চেপে তিন জন ফিরছিলেন বাড়ির পথে। কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছতেই ছন্দপতন। উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিন জন। সংঘর্ষের অভিঘাতে রাস্তার উপর ছড়িয়ে পড়ল তাঁদের কেনা মাছ। দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হল মোটরবাইকটিও।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কের ছিটকিবাড়ি সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত তিন জনই ওই এলাকার বাসিন্দা। নিশিগঞ্জে ব্যবসার কাজ সেরে তাঁরা মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় শীতলকুচি থেকে জল নিয়ে কোচবিহারের দিকে ফিরছিল একটি পিকআপ ভ্যান। ছিটকিবাড়ির কাছে দু’টি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার জেরে বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তিন জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। পরে স্থানীয়দের সাহায্যে আহতদের উদ্ধার করে নিশিগঞ্জ রুরাল হাসপাতালে পাঠানো হয়। তাঁদের আঘাত কতটা গুরুতর, তা নিয়ে রাত পর্যন্ত বিস্তারিত তথ্য মেলেনি।
এ দিকে, দুর্ঘটনার পর রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বাজার থেকে কেনা মাছ। কিছুটা দূরে পড়ে ছিল ক্ষতিগ্রস্ত মোটরবাইক। দুর্ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য ছিটকিবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কী ভাবে দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।





