কলকাতা, ৯ জুলাইঃ কলকাতার সরকারি ও সরকার-পোষিত স্কুলে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনকে দেওয়ার মুখ্যমন্ত্রীর ঘোষণাকে ঘিরে বিতর্কের মাঝেই কলকাতা হাই কোর্টে গুরুত্বপূর্ণ অবস্থান জানাল রাজ্য। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, বিষয়টি এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এ নিয়ে সরকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে এই অবস্থান বিস্তারিত ভাবে জানিয়ে ছয় সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি ঘোষণা করেছিলেন, পাইলট প্রকল্প হিসেবে কলকাতার স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনকে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর দাবি ছিল, শিক্ষার্থীরা আরও উন্নত ও স্বাস্থ্যসম্মত খাবার পাবে। সেই ঘোষণার পরই বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়।
মামলাকারীর আশঙ্কা, ইসকন এই দায়িত্ব পেলে বর্তমানে মিড-ডে মিল রান্না ও পরিবেশনের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর বহু মহিলা কর্মসংস্থান হারাতে পারেন। পাশাপাশি মিড-ডে মিলে ডিম না রাখার সম্ভাবনা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে আবেদনে। তাঁর বক্তব্য, এটি শুধু নীতিগত সিদ্ধান্ত নয়, হাজার হাজার নিম্নআয়ের পরিবারের জীবিকার সঙ্গেও জড়িত একটি বিষয়।
শুনানিতে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়, যেহেতু এখনও কোনও সরকারি সিদ্ধান্ত কার্যকর হয়নি, তাই এই পর্যায়ে মামলার প্রয়োজনীয়তা নেই। তবে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, মুখ্যমন্ত্রীর প্রকাশ্য ঘোষণার প্রেক্ষিতে সরকারের অবস্থান স্পষ্ট হওয়া জরুরি। তিনি আবেদন জানান, সরকার হলফনামা দিয়ে জানাক, সিদ্ধান্ত আদৌ হয়েছে কি না এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী।
দুই পক্ষের সওয়াল শোনার পর ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দেয়, প্রস্তাবের বর্তমান অবস্থান, নীতিগত সিদ্ধান্ত এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য হলফনামার মাধ্যমে আদালতে জানাতে হবে। সেই হলফনামা জমা দেওয়ার জন্য রাজ্যকে ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ফলে ইসকনকে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়ার প্রশ্নে আপাতত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই আদালতে স্পষ্ট করল রাজ্য।





