শিলিগুড়ি, ৭ জুলাই: টোটো চালকদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে মঙ্গলবার শিলিগুড়িতে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করল সিটু-সমর্থিত ই-রিকশা চালক ইউনিয়ন। হেড পোস্ট অফিসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত ওই কর্মসূচিতে টোটো চালকদের একাধিক দাবি প্রশাসনের সামনে তুলে ধরা হয়।
সংগঠনের নেতা উদয়ন দাসগুপ্তের দাবি, দীর্ঘদিন ধরে শিলিগুড়ির প্রধান সড়কগুলিতে টোটো চালকদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। সেই সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তাঁর বক্তব্য, শহরের সমস্ত টোটো চালকের জন্য ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি টোটো চলাচলকে নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করতে নতুন টোটো বিক্রি ও উৎপাদনের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আনার দাবি জানান তিনি।
সংগঠনের দাবি, টোটো চালকদের জীবিকা ও যাত্রী পরিষেবার স্বার্থে একটি সুস্পষ্ট নীতি প্রণয়ন করা জরুরি। সেই সঙ্গে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিও জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে।
প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে টোটো চালকদের দাবি-দাওয়া প্রশাসনের নজরে আনাই ছিল মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সংগঠন।





