শিলিগুড়ি, ১২ জুনঃ উত্তরবঙ্গের গ্রামীণ উন্নয়ন ও প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে বড় ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক দীর্ঘ বৈঠকের পর তিনি জানান, প্রায় ১৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের হাতে এসেছে এবং তার মধ্যে একাধিক প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জেলাশাসক, বিডিও এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন, গ্রামীণ সড়ক নির্মাণ, পানীয় জল সরবরাহ ও বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী জানান, প্রাপ্ত তহবিলের মধ্যে প্রায় ৭০০ কোটি টাকার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং বাকি প্রকল্পও ধাপে ধাপে বাস্তবায়িত হবে। তিনি আরও জানান, পঞ্চায়েত স্তরে কর্মী ও ইঞ্জিনিয়ার সংকটের কারণে কিছু জায়গায় উন্নয়ন কাজে দেরি হচ্ছে। এই সমস্যা দূর করতে রাজ্যজুড়ে প্রায় ১১ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাহাড়ি এলাকার পঞ্চায়েত ব্যবস্থাকেও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, অনেক এলাকায় পর্যাপ্ত অফিস ও প্রশাসনিক পরিকাঠামোর অভাবে পরিষেবা ব্যাহত হচ্ছে। সেই সমস্যার সমাধানে নতুন পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দেন মন্ত্রী।
এছাড়াও গ্রামীণ রাস্তা সংস্কার, জমির পাট্টা প্রদান এবং জব কার্ডভোগীদের বকেয়া অর্থ নিয়েও ইতিবাচক বার্তা দেন তিনি। সব মিলিয়ে উত্তরবঙ্গের উন্নয়নকে নতুন গতি দিতে সরকারের সক্রিয় পদক্ষেপের ইঙ্গিত মিলেছে এই উচ্চপর্যায়ের বৈঠক থেকে।





