শিলিগুড়ি, ১২ জুনঃ শিলিগুড়িতে শুরু হল বহুল প্রতীক্ষিত ডিএইচআরউমা(DHRUMA) ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই তিন দিনের চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, তাঁর স্ত্রী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এর ঐতিহ্য, উত্তরবঙ্গের সংস্কৃতি এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাণকে উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শিত হবে। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি এক অনন্য সাংস্কৃতিক মিলনক্ষেত্র হয়ে উঠেছে।
উৎসবের অন্যতম আকর্ষণ হল অভিনব প্রদর্শনীর ব্যবস্থা। কার্শিয়াংয়ে প্রথম দিন থেকেই শুরু হয়েছে বিভিন্ন চলচ্চিত্রের প্রদর্শনী। শুধু প্রেক্ষাগৃহেই নয়, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী পরিবেশকে কাজে লাগিয়ে রেল স্টেশনের ক্যাফে এবং বিশেষভাবে সাজানো ডিএইচআর ট্রেনের কোচেও সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগ দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উত্তরবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতি, পাহাড় ও সমতলের ঐতিহ্য এবং পর্যটনের সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁদের মতে, এই ধরনের আন্তর্জাতিক মানের চলচ্চিত্র উৎসব উত্তরবঙ্গকে সাংস্কৃতিক মানচিত্রে আরও সুপ্রতিষ্ঠিত করবে এবং তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
আগামী রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্বের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে ডিএইচআরউমা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। উত্তরবঙ্গের সংস্কৃতি, ঐতিহ্য এবং সৃজনশীল চলচ্চিত্রচর্চার মেলবন্ধনে এই উৎসব ইতিমধ্যেই সংস্কৃতিপ্রেমী ও চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকদের আশা, ভবিষ্যতে এই উৎসব আরও বৃহত্তর পরিসরে আন্তর্জাতিক পরিচিতি লাভ করবে।





