কলকাতা, ৩ জুন: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাংলায় আনুষ্ঠানিকভাবে শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা বিতরণ। বুধবার থেকে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার। প্রথম দফায় ২৮ লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে জমা পড়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রকাশিত ‘সংকল্পপত্রে’ বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই সরকার ক্ষমতায় আসার পর দ্রুত প্রকল্পের রূপরেখা তৈরি করে। গত সপ্তাহে আবেদনপত্র প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় আবেদন জমা নেওয়ার কাজ শুরু হয়।
বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। তিনি জানান, “বাংলার মা-বোনেদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই প্রকল্প। কোনও মধ্যস্থতাকারী নয়, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে।”
সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর ফলে পরিবার পরিচালনা, সন্তানদের শিক্ষা এবং দৈনন্দিন খরচ সামলাতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
তবে প্রকল্পকে ঘিরে ভুয়ো আবেদন ও জাল নথি জমা দেওয়ার অভিযোগও সামনে এসেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কঠোর যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উপভোক্তাদেরই এই সুবিধা দেওয়া হবে। পাশাপাশি অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদন গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।
রাজ্য সরকারের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের আর্থিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।





