নদীয়া, ২৬ মেঃ কল্যাণীর প্রশাসনিক বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার থেকেই শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রক্রিয়া। নবান্ন থেকে নিজেই এই প্রকল্পের ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যতদিন পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে না, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু থাকবে।
মুখ্যমন্ত্রী বলেন, “যত দ্রুত উপভোক্তারা নাম নথিভুক্ত করবেন, তত দ্রুত সুবিধা মিলবে। ফর্ম ফিলআপ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই ৩০০০ টাকা করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।” তিনি আরও জানান, বুধবার থেকেই অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই ফর্ম পাওয়া যাবে।
অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিধায়কদেরও সক্রিয় ভূমিকা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বিডিওদের নেতৃত্বে সরকার বাড়ি বাড়ি লোক পাঠাবে, যাতে উপভোক্তারা সহজে ফর্ম পূরণ করতে পারেন। পাশাপাশি বিধায়করাও নিজ উদ্যোগে এই প্রক্রিয়ায় সাহায্য করবেন।
এই প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “ভারতীয়রাই এই সুবিধা পাবেন। ভারতের টাকা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য নয়।”
এদিন মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে পরিষেবা পাবেন। পরে স্মার্ট কার্ড চালু করা হবে বলেও জানান তিনি। তাঁর কথায়, “প্রথমে সব মহিলারাই সুযোগ পাবেন। পরে কার্ডের মাধ্যমে পরিষেবা নিয়ন্ত্রিত হবে।”
পাশাপাশি মা ক্যান্টিনে সপ্তাহে দু’দিন ৫ টাকায় মাছ-ভাত দেওয়ার কথাও ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের একাধিক জনমুখী প্রকল্প ঘোষণায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।





