মেখলিগঞ্জ, ২৩ মেঃ মেখলিগঞ্জের দধিরাম রায় শনিবার তিনবিঘা করিডোর পরিদর্শনে গিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকের আগে ও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সীমান্ত নিরাপত্তা ও তারকাঁটার বেড়া নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিধায়ক জানান, তিনবিঘা করিডোর সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় তারকাঁটার বেড়া দেওয়ার কথা থাকলেও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর বাধার কারণে সেই কাজ আটকে রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
দধিরাম রায়ের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত চুক্তি মেনে চলা দুই দেশেরই দায়িত্ব। কিন্তু বাংলাদেশ যদি সেই চুক্তি মানতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে তিনবিঘা করিডোর সংক্রান্ত চুক্তিও সমস্যার মুখে পড়তে পারে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশ যদি চুক্তি না মানে, তাহলে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তিনবিঘা করিডোর বন্ধ করার বিষয়েও ভাবা হতে পারে।”
বিধায়কের এই মন্তব্য ঘিরে সীমান্ত এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিএসএফ বা প্রশাসনের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি।





