দিনহাটা, ২৮ডিসেম্বরঃ ৯৬ বছর বয়সে এসেও কমিশনকে বৈধ নাগরিকত্ব প্রমাণ এবং ভোটার তালিকায় নাম থাকার জন্য কাগজ দেখাতে হবে এটা যেন ভাবতেই পারেনি, দিনহাটা এক নং ব্লকের বড় আটিয়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের নিখিল চন্দ্র সরকার। বয়স ৯৬ পার, ইতিমধ্যেই দুইবার মেজর স্ট্রোক করেছেন।
একদিকে বয়সের ভার অপরদিকে শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো হাঁটা তো দূরের কথা কথাও বলতে পারেন না। অথচ তার নামেই এসেছে এস আই আর শুনানি নোটিশ। আর সেজন্যই রবিবার নিজের স্ত্রী এবং ছেলেকে সাথে নিয়ে অসুস্থ শরীরে একহাতে নিজের ভোটার কার্ড এবং অপর হাতে শুনানির নোটিশ সহ দিনহাটা এক নং ব্লক বিডিও অফিসে হাজির হয়েছেন নিখিল চন্দ্র সরকার।
কি জন্য এসেছেন, কেন এসেছেন, কার সাথে এসেছেন এইসব প্রশ্নের উত্তরই ঠিক মত তিনি দিতে পারছেন না এতটাই অসুস্থ। তবে তার ছেলে নিমাই সরকার বলেন তার বাবা বিগত যত নির্বাচন রয়েছে সব নির্বাচন এই অংশগ্রহণ করে এসেছেন। কিন্তু এসআই আর ঘোষণার হওয়ার পর কমিশন ২০০২ সালের যে ভোটার তালিকা আপলোড করে সেই তালিকায় তার বাবার নাম না থাকায় তাদের আজ এই বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে।
তিনি আরো বলেন অসুস্থ বাবাকে নিয়ে তিনি আজ প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছেন। তার পরিবারের বাকি সকলের নাম থাকলেও তার বাবার নাম এভাবে বাদ যাওয়ায় খানিকটা কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নিমাই। আক্ষেপের সুরে বলেছেন সব কাগজ জমা দিলাম এখন দেখি কি হয়।





