মালদা, ৯ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই মালদহে এক চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। পরীক্ষাকেন্দ্রের ভিতরে পড়ুয়াদের উত্তর বলে দেওয়ার অভিযোগে এক শিক্ষক-সহ মোট ৯ জন শিক্ষককে সাসপেন্ড করেছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE)। অভিযুক্ত শিক্ষকের নাম সনওয়ার আলি পরভেজ, তিনি মথুরাপুর বিএসএস স্কুলের শিক্ষক।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার দিন সনওয়ার আলি পরভেজের দায়িত্ব ছিল একটি নির্দিষ্ট ঘরে গার্ড দেওয়া। অভিযোগ, তিনি নিজের দায়িত্বে থাকা ঘরে না থেকে পাশের একটি পরীক্ষাকক্ষে ঢুকে পড়েন। সেখানে একটি সাদা খাতা বা লুজ শিট নিয়ে প্রশ্নপত্র দেখে উত্তর লিখতে শুরু করেন। ঘটনাচক্রে সেদিন তাঁর নিজের বিষয়েই পরীক্ষা ছিল বলে অভিযোগ, দ্রুতই তিনি উত্তর লিখে ফেলেন।
এরপর তিনি সেই খাতা হাতে দাঁড়িয়ে জোরে জোরে উত্তর পড়তে থাকেন, যাতে পরীক্ষার্থীরা তা শুনে লিখতে পারে। কয়েকজন পরীক্ষার্থী এই ঘটনার সাক্ষী বলে জানা গিয়েছে। স্কুলের ভিতর থেকেই কেউ এই ঘটনার ছবি ও ভিডিও রেকর্ড করে পর্ষদের কাছে পাঠান। অভিযোগের সত্যতা যাচাই করেই দ্রুত ব্যবস্থা নেয় পর্ষদ।
শুধু ওই শিক্ষক নন, একই ধরনের অনিয়মের অভিযোগে আরও ৮ জন শিক্ষককেও সাসপেন্ড করা হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর। পর্ষদের এক কর্তা জানান, মাধ্যমিক পরীক্ষায় কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রয়োজনে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনার পর পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের একাংশের দাবি, এত বড় অনিয়ম কীভাবে এতক্ষণ অগোচরে রইল তা খতিয়ে দেখা প্রয়োজন। মালদহের এই ঘটনায় শিক্ষামহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পর্ষদের কড়া পদক্ষেপে স্পষ্ট, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থান নিচ্ছে।





