খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ ডিসেম্বর: মালদা জেলার গাজোলে বুধবার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উষ্ণতা ছড়াল এসআইআর ইস্যু ঘিরে। সেখানে জনসভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, তিনি ভোট চাইতে আসেননি, বরং মানুষের আশঙ্কা দূর করতেই তাঁর এই সফর। সভামঞ্চ থেকেই তিনি আশ্বাস দেন, “কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না, কারও নাম বাদ যাবে না।”
মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর-এর নামে সাধারণ মানুষের মাঝে অযথা আতঙ্ক তৈরি করছে। তাঁর অভিযোগ, এই আইনের আড়ালে “গণবন্দি” করার চেষ্টা চলছে, যার জবাব সময়মতো দেবে বাংলার মানুষ। তিনি আরও দাবি করেন, বিজেপি এই পদক্ষেপ নিয়ে নিজেদের জন্যই রাজনৈতিক বিপদ ডেকে এনেছে।
তিনি বাংলা ও বিহারের পরিস্থিতির তুলনা টেনে বলেন, এ রাজ্যে কোনওভাবেই মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। মুখ্যমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ দিল্লিতে ক্ষমতায় আছো, কাল থাকতে নাও পারো। যদি জরুরি অবস্থা জারি করার চেষ্টা হয়, মানুষ ক্ষমা করবে না।”
রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসআইআর বিতর্ক রাজনৈতিক আবহকে আরও উস্কে দিচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই বার্তাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
গাজোলের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগও ফের তোলেন তিনি। রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখে কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বাংলাকে বঞ্চিত করছে বলেও দাবি করেন।
পুরো সভায় মমতার বক্তব্যে একদিকে ছিল মানুষের প্রতি আশ্বাস, অন্যদিকে কেন্দ্রের নীতির বিরুদ্ধে কড়া সমালোচনা। ফলে গাজোলে দিনের এই সভা থেকে স্পষ্ট এসআইআর ইস্যুতে সরকার ও শাসকদল লড়াইয়ে নামতে প্রস্তুত, পাশাপাশি মানুষের পাশে থাকার বার্তাও দিতে চাইছে সরকারপক্ষ।





