কোচবিহার, ২১ জানুয়ারি :রাস্তার পাশে বর্ষায় জল জমত। দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের।কোচবিহার শহরের দিনহাটা রোডে বিস্তীর্ণ এলাকায় সেই দুর্ভোগের ছবি বদলে যাচ্ছে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের উদ্যোগে।ওই এলাকায় জমা জলের সমস্যা মেটাতে শুরু হল পরিকল্পিত নিকাশি নালা তৈরির কাজ।
আজ কোচবিহার শহরের ১৩ নম্বার ওয়ার্ড সংলগ্ন চাকির মোড়ে দীপ্তি সংঘের দুটো হাইড্রেনের কাজের সূচনা অনুষ্ঠান হল।ওই কাজের সূচনা করেন কোচবিহার পৌরসভা কাউন্সিলর অভিজিত দে ভৌমিক।উপস্থিত ছিলেন এগিজিকিউটিভ ইঞ্জিনিয়ার মৃন্ময় দেবনাথ, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা প্রমুখ।
জানা গিয়েছে প্রায় তিন কোটি ৮০ লাখ টাকা ব্যয় হতে চলেছে ওই কাজে। অভিজিৎ দে ভৌমিক বলেন, দীর্ঘদিনের দাবি অনুসারে ওই কাজ সম্পূর্ন হলে অনেকটাই সুবিধে পাবেন সাধারণ মানুষ। বর্ষায় জমা জলে ভোগান্তি হবেনা।তোর্সা নদীতে জল নেমে যাবে।ওই কাজ সম্পূর্ন করতে এলাকার বাসিন্দাদের সহযোগিতার অনুরোধ করেন তিনি।ওই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।





