মাথাভাঙা, ৬ ফেব্রুয়ারিঃ জলের পাইপ ফেটে রাস্তায় জল জমে কাঁদার সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ।স্থানীয় কাউন্সিলরের পাশাপাশি পৌরসভায় জানিয়েও হয়নি সমাধান।অবশেষে রাস্তা আটকে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের একাংশের।ঘটনাটি মাথাভাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার। শুক্রবার সকালে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সাময়িকভাবে রাস্তা অবরোধ করেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, মাথাভাঙ্গা হিন্দি হাই স্কুল থেকে মাথাভাঙ্গা মাছ বাজার যাওয়ার রাস্তায় প্রায় ১৫ দিন আগে জলের পাইপলাইনের কাজ চলাকালীন একটি পাইপ ফেটে যায়। সেই সময় থেকেই রাস্তায় লাগাতার জল জমে কাঁদার সৃষ্টি হয়েছে।
কাউন্সিলর ও পুরসভাকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। নিত্যদিন এই জল-কাঁদা পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে, ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের।তাই এদিন তারা স্থায়ী সমাধানের দাবিতে পথ অবরোধ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুরসভার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কাউন্সিলর। দ্রুত পাইপলাইন মেরামতের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন বাসিন্দারা। কাউন্সিলরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং খুব শিগগিরই পাইপলাইন সারানোর কাজ শুরু হবে।





