আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অসমে একক লড়াইয়ে নামছে তৃণমূল, জোট নয়, ৫১ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি তৃণমূলের

Published on: March 19, 2026
---Advertisement---

গুয়াহাটি, ১৯ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমে বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিল তৃনমূল কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠক করে রাজ্যসভার সাংসদ তথা অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি সুস্মিতা দেব ঘোষণা করেন, এবার কোনও বড় জোটে না গিয়েই এককভাবে নির্বাচনে লড়বে তৃণমূল।
সুস্মিতা দেব জানান, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, অসমে একাই লড়ব। তবে ছোট ছোট আঞ্চলিক দলের সঙ্গে সমন্বয় করে লড়াইয়ের বিষয়টি খোলা রয়েছে।” তাঁর বক্তব্য, রাজ্যের মানুষের স্বার্থে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলাই দলের লক্ষ্য।

এদিন তিনি আরও জানান, ইতিমধ্যেই ৫১টি আসনের জন্য ৭৮ জন প্রার্থী আবেদন করেছেন। সেই তালিকা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই অনুমোদন মিললেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। চলতি সপ্তাহের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর বিরুদ্ধে সরব হন সুস্মিতা দেব। তাঁর অভিযোগ, ভোট ঘোষণার সময় নিয়ে কমিশন ও কেন্দ্রের মধ্যে সমন্বয় রয়েছে। তিনি বলেন, “এমনটা আগে কখনও হয়নি। অমিত শাহ গুয়াহাটিতে অনুষ্ঠান শেষ করার পরপরই নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করল।”
এছাড়াও অসমের বিজেপি সরকারকেও তীব্রভাবে আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা-র নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একাধিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ তোলেন সুস্মিতা। তাঁর দাবি, সরকার প্রায় ৮০ শতাংশ প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি।

অসম চুক্তি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সুস্মিতার অভিযোগ, “সরকার শুধুমাত্র ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। বাস্তবে কোনও কাজ হয়নি।” তিনি আরও বলেন, এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে অসমের মানুষ কি বিজেপির প্রতিশ্রুতিতে আস্থা রাখবেন, নাকি বিকল্প পথ বেছে নেবেন।
সব মিলিয়ে, অসমে তৃণমূলের একক লড়াইয়ের ঘোষণা রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment