দিনহাটা, ২ এপ্রিলঃ আজ দিনহাটা মহকুমা শাসক দপ্তরে রাজনৈতিক উত্তাপের পারদ চড়ল মনোনয়ন জমা ঘিরে। রাজ্যের বিদায়ী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা দিনহাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ নির্ধারিত সময়ে এসে নিজের মনোনয়নপত্র জমা দেন। তাঁর সঙ্গে ছিলেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের বড় অংশ।
অপরদিকে একই দিনে বিজেপির পক্ষ থেকেও দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী অজয় রায় মনোনয়নপত্র জমা করেন। তাঁর সমর্থকরাও দপ্তর চত্বরে উপস্থিত হয়ে শক্তি প্রদর্শন করেন। ফলে দুই প্রধান রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এলাকা সরগরম হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা করতে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দিনহাটা মহকুমা শাসকের দপ্তর চত্বর কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী।
পুরো নিরাপত্তা ব্যবস্থার ওপর নজরদারি চালান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ছিল সর্বদা সতর্ক। শান্তিপূর্ণভাবেই দুই প্রার্থীর মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে





