কোচবিহার, ১১ ডিসেম্বর: কোচবিহার ১ নং ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী 4 প্রকল্পের অধীনে নতুন রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা হল। সমর রক্ষীতের বাড়ি থেকে আনন্দ দের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা সংস্কার ও নির্মাণের এই প্রকল্প স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলাপরিষদের সভাধিপতি সুমিতা বর্মণ, সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ, অতিরিক্ত জেলাশাসক (এডিএম) সৌমেন দত্ত, কোচবিহার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল কাদের হক এবং অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা।
এদিন নেতৃবৃন্দ জানান, পথশ্রী প্রকল্পের মাধ্যমে জেলা জুড়ে গ্রামীণ সড়ক যোগাযোগ আরও উন্নত করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের যাতায়াত আরও নির্বিঘ্ন হয়। পানিশালা গ্রাম পঞ্চায়েতের এই রাস্তা নির্মিত হলে এলাকার বাসিন্দাদের হাসপাতাল, স্কুল, বাজার ও ব্লক অফিসে পৌঁছনো অনেক সহজ হবে।
স্থানীয় মানুষজন রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, বর্ষাকালে কাদা ও ভাঙা পথের কারণে নিত্যযাত্রায় সমস্যা হতো। নতুন রাস্তা তৈরি হলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই মানসম্মতভাবে রাস্তার কাজ শেষ করা হবে।





