নদিয়া, ২ এপ্রিলঃ কালীগঞ্জ বিধানসভা এলাকায় এবার নির্বাচনী লড়াইয়ে উঠে এসেছে এক অন্য গল্প এক মায়ের লড়াইয়ের গল্প। বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সাবিনা ইয়াসমিন, যিনি অধিকাংশ মানুষের কাছে ‘তামান্নার মা’ হিসেবেই পরিচিত, এখন ভোটের ময়দানে ন্যায়বিচারের দাবি নিয়ে নেমেছেন।
গত বছর উপনির্বাচনের সময় রাজনৈতিক অশান্তির মাঝে তাঁর কন্যা তামান্নার মৃত্যু গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার পর শোকস্তব্ধ সাবিনা ইয়াসমিনকে দেখেছিল রাজ্যবাসী। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে শক্ত করে তুলেছেন। তাঁর কথায়, প্রতিশোধ নয়, আইনের পথেই দোষীদের শাস্তি নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।
এখন সেই লক্ষ্য নিয়েই তিনি চষে বেড়াচ্ছেন কালীগঞ্জের গ্রামেগঞ্জে। চৈত্রের দাবদাহ উপেক্ষা করে দিনভর প্রচার চালাচ্ছেন। কখনও দলীয় কর্মীদের বাড়িতে বিশ্রাম নিচ্ছেন, কখনও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। শিশুদের মধ্যে নিজের হারিয়ে যাওয়া সন্তানের প্রতিচ্ছবি খুঁজে পান বলেও জানান তিনি।
এই কঠিন লড়াইয়ে শক্তি কোথা থেকে পান প্রশ্নের উত্তরে সাবিনা বলেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস ও সহযোদ্ধাদের সমর্থনই তাঁর ভরসা। পাশাপাশি দলের নেতৃত্বও তাঁকে মানসিকভাবে সাহস জুগিয়েছে।রাজনৈতিক মহলের মতে, আবেগ ও ন্যায়বিচারের দাবি মিলিয়ে এই প্রার্থিতা ইতিমধ্যেই বিশেষ তাৎপর্য তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত এই আবেগ ভোটে কতটা প্রভাব ফেলবে, তা দেখার অপেক্ষা।





