শীতলকুচি, ২০ ফেব্রুয়ারি : উচ্চ মাধ্যমিকের গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। ঘটনাটি শীতলকুচির গোসাইরহাট হাই স্কুল-এর পরীক্ষাকেন্দ্রে।জানা গেছে, শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। বড় গদাইখোরা ভি.এম হাই স্কুলের ছাত্রী মহাশিনা পারভিন সকাল থেকেই হালকা অসুস্থ বোধ করছিল।
তবুও জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় বসতে সে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে যায় এবং পরীক্ষা দেওয়া শুরু করে।কিন্তু পরীক্ষা শুরুর প্রায় এক ঘণ্টা পনেরো মিনিট পর হঠাৎই পরীক্ষার মাঝেই অসুস্থ হয়ে পড়ে মহাশিনা।
পরিস্থিতি গুরুতর দেখে কর্তব্যরত শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র-এ নিয়ে যান।সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করলে তাকে তৎক্ষণাৎ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল-এ রেফার করেন।





