মালদা, ১৩ মার্চঃ সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত রায় কার্যকর করার দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাকমুহূর্তে রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এর প্রভাব পড়েছে মালদা জেলাতেও।
শুক্রবার সকাল থেকেই জেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষিকারা ধর্মঘটে সামিল হয়ে বিক্ষোভে শামিল হন। অনেক স্কুলেই পড়াশোনা বন্ধ রেখে আন্দোলনে অংশ নিতে দেখা যায় শিক্ষকদের। পাশাপাশি মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনেও বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। এমনকি দপ্তরের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান তারা।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হচ্ছে না। অথচ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সেই রায় কার্যকর করা হয়নি। তাই অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য মিলন পাল জানান, রাজ্য সরকার যদি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ না করে, তাহলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে। অন্যদিকে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি মালদার সভাপতি সুকান্ত শিকদার এবং সম্পাদক বিমল কুমার মল্লিকও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।





