বনগাঁ, ৯ মার্চঃ বড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগির হোসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা যথাক্রমে বাংলাদেশের পটুয়াখালি ও ঢাকার বাসিন্দা।
তদন্তকারীদের দাবি, গত বছরের ডিসেম্বরে ঢাকার অদূরে পুরাতন কালভার্ট রোড এলাকায় ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদী -কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। জোহরের নামাজ পড়ে ফেরার সময় একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এই নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলাদেশ জুড়ে তীব্র জনরোষ তৈরি হয়েছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল।
ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে বাংলাদেশ পুলিশ । তাদের দাবি ছিল, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে এসেছে। যদিও প্রথমদিকে সেই দাবি অস্বীকার করা হয়েছিল। পরে পরিস্থিতি বদলালে নতুন করে তদন্ত শুরু হয়।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে বনগাঁ সীমান্ত এলাকায় অভিযান চালায় এসটিএফ। তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডের পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছিল দুই অভিযুক্ত। এরপর পরিচয় গোপন করে বনগাঁ এলাকায় একটি ডেরায় তারা আশ্রয় নিয়েছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় আর কারা জড়িত এবং ভারতে তাদের আশ্রয় দেওয়ার পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের মতে, দুই দেশের নিরাপত্তা সংস্থার সমন্বয়ে ধৃতদের বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু হতে পারে। এই গ্রেপ্তারিকে রাজ্য পুলিশের বড় সাফল্য হিসেবেই দেখছে প্রশাসন।





