মনিরুল হক, কোচবিহার: সকাল সকাল রবিবাসরীয় ভোট প্রচারে বেরিয়ে পড়লেন কোচবিহার দক্ষিণ বিধানসভার প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। কোচবিহার শহরের ১, ১৫, ১৬, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের মধ্য দিয়ে ভোট প্রচার করেন তিনি। প্রচারের এই কর্মসূচিতে ছিল ভিন্ন চিত্রও দেখা যায় এলাকার বয়স্কদের হাতে ভগবত গীতা তুলে দেওয়া এবং শিশুদের মধ্যে চকলেট বিতরণ।
প্রচারের শুরু থেকেই প্রতিটি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী। তাঁদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন মন দিয়ে। পাশাপাশি প্রবীণদের সম্মান জানাতে তাঁদের হাতে ধর্মগ্রন্থ ভগবত গীতা তুলে দেন। অন্যদিকে ছোটদের মুখে হাসি ফোটাতে চকলেট বিলি করেন তিনি। এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়ে।
এই প্রসঙ্গে অভিজিৎ দে ভৌমিক বলেন,“ভোট তো মাত্র একটা দিন, কিন্তু মানুষের পাশে থাকাটা সারাজীবনের দায়িত্ব। আমি চাই, কোচবিহারের প্রতিটি পরিবার আমাকে নিজেদের আপনজন হিসেবে দেখুক।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, নির্বাচনী রাজনীতির বাইরে গিয়েও মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এই ধরনের মানবিক উদ্যোগ প্রার্থীর সঙ্গে মানুষের দূরত্ব কমাতে সাহায্য করে। বিশেষ করে বয়স্কদের সম্মান জানানো এবং শিশুদের আনন্দ দেওয়ার মধ্য দিয়ে তিনি এক আলাদা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন।
ভোটের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচি যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরাও। তাঁদের মতে, সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং তাঁদের সঙ্গে আবেগের সম্পর্ক তৈরি করাই এখনকার রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে।
সব মিলিয়ে, কোচবিহার দক্ষিণে নির্বাচনী লড়াই যত এগোচ্ছে, ততই বাড়ছে প্রচারের গতি। আর সেই প্রচারে মানবিকতার ছোঁয়া যোগ করে নজর কেড়েছেন প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।





