শিলিগুড়ি, ১৩ মার্চঃ সেবক রোডে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হিট অ্যান্ড রান মামলায় অভিযুক্ত দেবাংশু পাল-কে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এদিন সকাল থেকেই শিলিগুড়ি কোর্ট চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে মৃত শঙ্কর ছেত্রী-র পরিবার ও পরিজনেরা আদালত চত্বরে জড়ো হয়ে দোষীর উপযুক্ত শাস্তির দাবি তোলেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখান এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানান। পরিবারের সদস্যদের বক্তব্য, এই ঘটনার সঠিক তদন্ত এবং কঠোর শাস্তি না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে শিলিগুড়ির সেবক রোডে গভীর রাতে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় শংকর ছেত্রীর। ঘটনাটি ঘিরে গোটা শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই মৃতের পরিবারের পক্ষ থেকে দ্রুত তদন্তের দাবি জানানো হয়।
পুলিশ তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেবাংশু পালকে গ্রেফতার করে। এরপর থেকেই এই মামলাকে কেন্দ্র করে শহরে ব্যাপক আলোচনা শুরু হয়। শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করার সময় আদালত চত্বর ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পুরো ঘটনাকে ঘিরে শহরের মানুষের নজর এখন আদালতের পরবর্তী নির্দেশের দিকে।





