কোচবিহার, ১৫ ফেব্রুয়ারিঃ কোচবিহার শহরে শুরু হল ‘যুব সাথী’ প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রবিবার থেকে এই কর্মসূচির সূচনা হয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডের যুবক-যুবতীদের জন্য বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই পর্যায়ক্রমে এই প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে।
শহরের রবীন্দ্র ভবন-এ আয়োজিত রেজিস্ট্রেশন ক্যাম্প সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকছে। এই ক্যাম্পে মূলত কোচবিহার শহরের ১৭, ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আবেদন করতে পারবেন। পাশাপাশি গুঞ্জবাড়ি পঞ্চানন ভবনে ১, ২ ও ১৯ নম্বর ওয়ার্ডের যুবকদের জন্য আলাদা শিবিরের ব্যবস্থা করা হয়েছে।
রাজ্য সরকারের ঘোষিত এই প্রকল্পে মাধ্যমিক উত্তীর্ণ নির্দিষ্ট বয়সসীমার বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত যুবসমাজকে আর্থিকভাবে সহায়তা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে। এই উদ্যোগের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে কোচবিহার পৌরসভার কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেস-এর কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, নির্দিষ্ট বয়সসীমার (২১ থেকে ৪০ বছর) বেকার যুবক-যুবতীদের এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ক্যাম্পে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। তিনি বলেন, “যুব সমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
কোচবিহার পৌরসভার পক্ষ থেকেও সকল যোগ্য যুবক-যুবতীকে রেজিস্ট্রেশন ক্যাম্পে উপস্থিত হয়ে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে বহু বেকার যুবক-যুবতী উপকৃত হবেন এবং ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন পথ তৈরি হবে।





