কোচবিহার, ১২ মার্চঃ কোচবিহার শহরে এক নার্সের রহস্যজনক অগ্নিদগ্ধ মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বক্সিবাড়ি সংলগ্ন এলাকায় ছন্দা রায় নামে এক নার্স দগ্ধ হয়ে মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
বৃহস্পতিবার কোচবিহারে এসে মৃতার পরিবার সরাসরি ছন্দা রায়ের স্বামী রনজিৎ রায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই ছন্দার কাছে অর্থ দাবি করতেন তাঁর স্বামী। এই বিষয়কে কেন্দ্র করে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। পরিবারের অভিযোগ, এই ঘটনার পিছনে রনজিৎ রায়েরই হাত রয়েছে। তাই ঘটনার সঠিক তদন্ত করে দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে ছন্দা রায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে তাঁর সহকর্মীদের মধ্যেও। তিনি কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সেখানে সহকর্মীরা উপস্থিত হয়ে মৃত নার্সকে শেষ শ্রদ্ধা জানান এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন।
ঘটনার পর পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এখন তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে মৃতার পরিবার ও সহকর্মীরা।





