সিতাই, ২ মার্চঃ কোচবিহার জেলার সিতাই ব্লকের নেতাজি বাজার এলাকায় একটি টোটো গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার গভীর রাতে হঠাৎ আগুন লাগে স্থানীয় বাসিন্দা কৃষ্ণ বর্মনের গ্যারেজে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গ্যারেজটি দাউদাউ করে জ্বলতে থাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবার রাতেও গ্যারেজ বন্ধ করে বাড়ি ফিরে যান মালিক কৃষ্ণ বর্মন। কিছুক্ষণ পর আশপাশের বাসিন্দারা গ্যারেজের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে এসে প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও ততক্ষণে গ্যারেজটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। গ্যারেজের ভেতরে থাকা একাধিক টোটোর ব্যাটারি, টায়ার, মোটর ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়ে যায়।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে দমকল বিভাগ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
গ্যারেজ মালিক কৃষ্ণ বর্মন জানান, শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে তাঁর ধারণা। তিনি দাবি করেন, এই ঘটনায় তাঁর প্রায় ১১ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ এই দুর্ঘটনায় মাথায় হাত পড়েছে তাঁর। বহু কষ্টে গড়ে তোলা ব্যবসা এক রাতেই পুড়ে ছাই হয়ে যাওয়ায় গভীর উদ্বেগে রয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ালেও বড় ধরনের প্রাণহানির খবর নেই।





