খবরিয়া ২৪ ডেস্ক, ২৮ জানুয়ারিঃ সিঙ্গুর থেকেই শিল্পনীতি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রতনপুরের ইন্দ্রখালির মাঠে সরকারি সভা থেকে তিনি জানালেন, কৃষিজমি দখল নয়, কৃষির সঙ্গে সহাবস্থান করেই শিল্প গড়ে তোলাই রাজ্য সরকারের নীতি। মুখ্যমন্ত্রীর কথায়, “কৃষিও চলবে, শিল্পও চলবে। কারও জমি কেড়ে নয়।”
মমতা জানান, সিঙ্গুরে ৮ একর জমির উপর ৯ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে ২৮টি প্লটের মধ্যে ইতিমধ্যেই ২৫টি বরাদ্দ হয়ে গিয়েছে। পাশাপাশি, সিঙ্গুরে ৭৭ একর জমিতে একটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কথাও ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, সেখানে অ্যামাজন ও ফ্লিপকার্টের ওয়্যারহাউস তৈরি হচ্ছে, যার ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। তাঁর মন্তব্য, “আমরা মুখে বলি না, কাজে করি।”
এই সভা থেকেই বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। প্রসঙ্গ টেনে বলেন, সিঙ্গুরের জমি ফেরত দেওয়ার জন্য তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন। “মরার জন্য তৈরি ছিলাম। কথা দিয়েছিলাম, কথা রেখেছি। জমি ফিরিয়ে দিয়েছি,” বলেন তিনি। এরপর রেলের তারকেশ্বর-বিষ্ণুপুর লাইন উদ্বোধন নিয়ে কটাক্ষ করে মমতা বলেন, “আমি করে গিয়েছিলাম, আর ওরা শুধু ফিতে কেটেছে। এই জুমলা বাংলায় চলবে না।”
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সব টাকা বন্ধ করে দিয়ে সিঙ্গুরে দাঁড়িয়ে বলছো বাংলার জন্য সব করবো? এই ভণ্ডামি মানুষ বোঝে।” নিজের বিশ্বাসযোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, “আমি মরে যাব, কিন্তু কথার দাম আছে। কথা দিলে ১০০ শতাংশ রাখি।”
এদিনের সভা থেকে ‘বাংলার বাড়ি (গ্রামীণ)-২’ প্রকল্পে ২০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাঠানো হয়। এই প্রকল্পে মোট ব্যয় ২৪ হাজার ১৮০ কোটি টাকা। পাশাপাশি ১০৭৭টি প্রকল্পের উদ্বোধন ও ৬১৬টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ১৫০০ কোটি টাকা ব্যয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করে মমতা জানান, রাজ্যের নিজস্ব উদ্যোগেই এই বহু প্রতীক্ষিত প্রকল্পের কাজ শুরু হল।





