খবরিয়া ২৪ ডেস্ক, ৫ জানুয়ারিঃ আন্তর্জাতিক ক্রিকেট মহলে চাঞ্চল্য ছড়িয়ে এবার বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর টেলিকাস্ট ও ব্রডকাস্ট সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের তরফে একটি বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মূলত, বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার ঘটনার পরই এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, মুস্তাফিজুর রহমানকে IPL থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বাংলাদেশের ক্রীড়া মন্ত্রক অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এরপর ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে বাংলাদেশে IPL সম্প্রচার নিষিদ্ধ করার অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের ভিত্তিতেই ইউনূস সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সরকারি সূত্রে দাবি।
বাংলাদেশ ক্রীড়া মন্ত্রকের সঙ্গে যুক্ত বিশিষ্ট আইনজীবী ও উপদেষ্টা ডঃ আসিফ নজরুল আগেই নেটমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি এক পোস্টে জানান, মুস্তাফিজুর রহমানকে নিয়ে নেওয়া সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট এবং একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে অসম্মান করা হয়েছে। তাঁর বক্তব্য ছিল, “বাংলাদেশ ক্রিকেট বা কোনও বাংলাদেশি খেলোয়াড়ের প্রতি অবমাননা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।” সেই সঙ্গেই তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কাছে IPL সম্প্রচারের অনুমতি বাতিল করার আবেদন জানান।
এই ঘটনার রেশ গড়িয়েছে আন্তর্জাতিক মঞ্চেও। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ ইতিমধ্যেই আসন্ন T20 বিশ্বকাপ খেলতে ভারতে আসার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছে। মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে BCCI-কে ইমেল পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। পাশাপাশি, ICC-কেও জানানো হয়েছে যে নিরাপত্তাজনিত কারণে ভারত নয়, শ্রীলঙ্কায় T20 বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ।
প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমবর্ধমান হামলার প্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানের IPL-এ অন্তর্ভুক্তি নিয়ে ভারতে তীব্র সমালোচনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্স (KKR)-কে বয়কটের ডাকও ওঠে। এই পরিস্থিতিতে BCCI-এর নির্দেশে KKR মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়।
এরপর থেকেই কড়া অবস্থান নিতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার। শেষ পর্যন্ত বাংলাদেশে IPL সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। এর ফলে, বাংলাদেশও সেই দেশগুলির তালিকায় যুক্ত হল, যেখানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় T20 লিগ IPL আর দেখানো হবে না। ক্রিকেট কূটনীতিতে এই সিদ্ধান্ত কী প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।





