খবরিয়া ২৪ ডেস্ক, ১৬ মার্চঃ উত্তরপ্রদেশের সম্বল জেলায় ঘটল এক নৃশংস হত্যাকাণ্ড। নিজের কাকিমাকে বিয়ে করার ইচ্ছা পূরণে বাধা দেওয়ায় স্ত্রীকে সন্তানদের সামনেই কাঁচি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম নাফিজ । এলাকায় তাঁর একটি ওষুধের দোকান রয়েছে। নিহত স্ত্রীর নাম নাজমা। প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনে তাঁদের চার সন্তান রয়েছে। তবে গত দুই বছর ধরে পারিবারিক অশান্তির জেরে সন্তানদের নিয়ে আলাদা থাকছিলেন নাজমা, যিনি পেশায় একজন আশাকর্মী ছিলেন।
তদন্তে উঠে এসেছে, নাফিজের সঙ্গে তাঁর কাকিমার অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ। ওই মহিলাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু স্ত্রী নাজমা ডিভোর্স দিতে রাজি না হওয়ায় সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে থাকে।
রবিবার রাতে নাফিজ স্ত্রীর ভাড়া বাড়িতে যান, যা সম্বল-এর মান্ডি কিসান দাস সরাই এলাকায় অবস্থিত। সেখানে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, উত্তপ্ত তর্কের মাঝেই হঠাৎ কাঁচি দিয়ে নাজমার উপর হামলা চালান নাফিজ। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
ঘটনার পর অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গেছে। প্রতিবেশীরা ছুটে এসে দু’জনকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় নাজমার মৃত্যু হয়। ইতিমধ্যেই নাফিজের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ এবং তদন্তের স্বার্থে অভিযুক্তের ‘প্রেমিকা’ কাকিমাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।





