জলপাইগুড়ি, ২৮ ডিসেম্বর : জলপাইগুড়ি জেলার পাহাড়পুর এলাকায় ভোররাতে চলন্ত লরি তে ভয়াবহ অগ্নিকাণ্ড হল। জানা যায়, ২৭ নম্বর জাতীয় সড়কের সার্কিট ব্রাঞ্চ ক্যালকাটা হাইকোর্টের সামনে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার পরেই লরিতে আগুন ধরে যায় এবং দাউ দাউ করে প্রায় এক ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে।
ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি দমকল বিভাগ এবং প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাফিক পুলিশ বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করে। স্থানীয় বাসিন্দারা জানান, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বিকট শব্দে ঘুম ভেঙে যায় এবং বাইরে এসে তারা আগুন জ্বলতে দেখেন।
পুলিশ সূত্রে জানা গেছে, লরিটি শিলিগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল এবং তাতে মুরগির খাবার ছিল। চালক ও খালাসি আগুন লাগার আগেই লাফ দিয়ে নামায় তারা রক্ষা পান। দুজনকেই চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তারা সুস্থ রয়েছেন।





