চণ্ডীগড়, ৯ মার্চঃ প্রায় দুই দশক পুরনো সাংবাদিক হত্যা মামলায় বড় আইনি স্বস্তি পেলেন গুরমিত রাম রহিম সিং। শনিবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ২০০২ সালের সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি হত্যাকাণ্ডের মামলায় তাঁকে বেকসুর খালাস করে দেয়। এর ফলে ২০১৯ সালে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো-এর বিশেষ আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় বাতিল হয়ে যায়।
শনিবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি শীল নাগু এবং বিচারপতি বিক্রম আগরওয়াল-এর ডিভিশন বেঞ্চ সিবিআই আদালতের রায় খারিজ করে দেয়। আদালত রাম রহিমকে এই মামলায় বেকসুর খালাস ঘোষণা করলেও অন্য অভিযুক্তদের বিরুদ্ধে নিম্ন আদালতের রায় বহাল রেখেছে।
উল্লেখ্য, ২০০২ সালে হরিয়ানার সিরসায় বাড়ির কাছেই গুলি করে খুন করা হয়েছিল সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে। তিনি ‘পুরা সচ’ নামে একটি স্থানীয় সংবাদপত্রে ডেরা সচ্চা সৌদার আশ্রমে মহিলা অনুগামীদের উপর যৌন নিগ্রহের অভিযোগ সংক্রান্ত একটি বেনামি চিঠি প্রকাশ করেছিলেন। অভিযোগ ওঠে, সেই ঘটনার জেরেই তাঁকে খুন করা হয়।
এই মামলায় ২০১৯ সালের ১৭ জানুয়ারি পঞ্চকুল্লার বিশেষ সিবিআই আদালত ডেরা সাচ্চা সৌদা -র প্রধান গুরমিত রাম রহিমসহ চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং ৫০ হাজার টাকা জরিমানাও ধার্য করে। সেই রায়ের বিরুদ্ধেই উচ্চ আদালতে আবেদন করেছিলেন রাম রহিম।
তবে এই মামলায় মুক্তি পেলেও অন্য এক গুরুতর মামলায় এখনও কারাবন্দি রয়েছেন তিনি। ২০১৭ সালে আশ্রমে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়।
এছাড়াও ডেরা-র প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং হত্যাকাণ্ডের মামলাও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। সেই মামলার রায় নিয়েও আইনি লড়াই চলছে। সব মিলিয়ে ডেরা প্রধানকে ঘিরে বিতর্ক ও আইনি জটিলতা এখনও পুরোপুরি শেষ হয়নি বলে মনে করছেন পর্যবেক্ষকরা।





