শিলিগুড়ি, ১৩ মার্চঃ মহার্ঘ ভাতা (ডিএ) দ্রুত মেটানোর দাবিতে শুক্রবার শিলিগুড়ি আদালত চত্বরে বিক্ষোভে সামিল হলেন আদালত কর্মচারীরা। টিফিন আওয়ারের সময় স্লোগান তুলে প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি-এর সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যজুড়ে সরকারি কর্মচারীদের ডিএ-র দাবিতে আন্দোলন চলছে। বিভিন্ন জেলায় অনেক কর্মচারী পূর্ণ ধর্মঘটে অংশ নিলেও সংগঠনের নির্দেশ মেনে শিলিগুড়িতে কর্মচারীরা পূর্ণ ধর্মঘটে না গিয়ে টিফিন আওয়ারে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা মহার্ঘ ভাতা পাচ্ছেন না। এর ফলে মূল্যবৃদ্ধির এই সময়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি আদালত চত্বরে পর্যাপ্ত ভবনের অভাব, কর্মী সংকট এবং পরিকাঠামোগত সমস্যার কথাও তুলে ধরেন তারা।
আদালত কর্মচারী দেবাশিস সরকার জানান, ডিএ দ্রুত মেটানোর দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্য সংগঠনের নির্দেশ অনুযায়ী আগামী দিনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনকারীদের আশা, দ্রুত তাদের দাবি মেনে নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





