আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কলকাতায় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ, বিমানবন্দরে মুখ্য নির্বাচন কমিশনারকে ‘গো ব্যাক’ স্লোগান

Published on: March 9, 2026
---Advertisement---

কলকাতা, ৯ মার্চঃ সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়েই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই রাজ্যে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় পৌঁছল কমিশনের ফুলবেঞ্চ। সোমবার শহরে এসে পৌঁছন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

এদিন বিমানবন্দর থেকে তাঁর গাড়ি বেরোনোর সময় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। শুধু তাই নয়, কৈখালী এলাকায় কনভয় যাওয়ার সময় কালো পতাকাও দেখানো হয় বলে অভিযোগ। অন্যদিকে বিমানবন্দরের বাইরে ভিআইপি রোডে বামপন্থী কর্মী-সমর্থকরাও বিক্ষোভ দেখান। ফলে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হয়। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের। শাসকদল তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তৃণমূলের প্রতিনিধি হিসেবে এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাজীব কুমার-এর। এছাড়াও প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

এছাড়াও রাজ্যের শীর্ষ প্রশাসনিক আধিকারিক, বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। এমনকি বুথ লেভেল অফিসারদের (বিএলও) সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে। দুই দিনের সফরে বেশ ঠাসা কর্মসূচি রয়েছে কমিশনের প্রতিনিধিদের। এর মাঝেই মুখ্য নির্বাচন কমিশনারের কালীঘাট কালী মন্দির এবং বেলুড় মঠ পরিদর্শনের সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২৫ সালের ২৭ অক্টোবর। সেই সময় রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকা প্রকাশের পর প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ ভোটারের নাম বাদ পড়ে। পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। কমিশনের তথ্য অনুযায়ী ফর্ম ৭ জমা পড়ে প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাতিল হয়েছে। এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন রয়েছে।

এই পরিস্থিতিতে এসআইআর ইস্যু ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে মুখ্য নির্বাচন কমিশনার এই বিষয়ে কী বক্তব্য দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment