খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী হওয়ার দৌড়ে শামিল হলেন দিলীপ ঘোষ-এর স্ত্রী রিঙ্কু মজুমদার। বিজেপির সল্টলেক দপ্তরে জীবনপঞ্জি জমা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে মুখ খুললেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, “ইচ্ছা হয়েছে, আবেদন করেছেন।”
দিলীপ বলেন, “দলে আমার থেকেও পুরনো কার্যকর্তা। আমি এমএলএ, এমপি হয়ে গেছি। ওঁর ইচ্ছা হয়েছে, আবেদন করেছে। হাজার হাজার লোক আবেদন করেছে। কে প্রার্থী হবেন, সেটা দল ঠিক করবে।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, প্রার্থী নির্বাচন সম্পূর্ণভাবেই দলীয় নেতৃত্বের উপর নির্ভর করছে।
সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি সল্টলেকের বিজেপি দপ্তরে নিজের জীবনপঞ্জি জমা দেন রিঙ্কু মজুমদার। সেখানে তিনি তিনটি আসনে লড়াই করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে মেদিনীপুর শহর, বীজপুর এবং নিউটাউন। জীবনপঞ্জিতে দলের প্রতি তাঁর দীর্ঘদিনের কাজ ও সাংগঠনিক ভূমিকার উল্লেখ রয়েছে। নিজেকে তৃণমূল স্তর থেকে উঠে আসা এবং সামাজিকভাবে সক্রিয় নেত্রী হিসেবেও তুলে ধরেছেন তিনি।
রিঙ্কুর দাবি, “আমি মিসেস ঘোষ হয়েছি কয়েক মাস হল, কিন্তু ২০১৩ সাল থেকে নিউটাউনে থাকি এবং দলের কাজ করেছি। বিয়ে, ব্যক্তিগত শোক সবকিছুর মধ্যেও মানুষের জন্য কাজ করার পরিকল্পনা ছিল। আমার রাজনৈতিক সত্ত্বা আছে। আমি লড়াই করতে চাই, জিততে চাই।”
উল্লেখ্য, আসন্ন নির্বাচনের আগে বিজেপির দপ্তরে বহু আগ্রহী প্রার্থী জীবনপঞ্জি জমা দিচ্ছেন। অন্যদিকে বাইপাসের ধারে তৃণমূল কংগ্রেসের দপ্তরেও বসেছে আবেদন জমা দেওয়ার বাক্স। ফলে প্রার্থী বাছাই ঘিরে দুই প্রধান রাজনৈতিক শিবিরেই তৎপরতা তুঙ্গে। রিঙ্কু মজুমদারের আবেদন সেই প্রক্রিয়ার মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





