খবরিয়া ২৪ ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ দেখা গেল। অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পালটা জবাবে ভিনরাজ্যে বাঙালিদের উপর নিগ্রহের প্রসঙ্গ তুলে বিরোধীদের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি সমস্যার কারণে কাজ আটকে রয়েছে। তিনি আরও দাবি করেন, অনুপ্রবেশের ফলে জনসংখ্যার গঠনে পরিবর্তন ঘটছে এবং বিরোধী দলের নেতা–কর্মীরা আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি তিনি বলেন, বিধানসভায় বক্তৃতার সময় রাজ্যপাল সম্পূর্ণ ভাষণ পাঠ করেননি।
পরে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী সেই অভিযোগের কড়া জবাব দেন। তিনি বলেন, বিরোধীদের রাজনীতি এখন শুধু অনুপ্রবেশ প্রসঙ্গেই সীমাবদ্ধ। অন্যদিকে দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর হামলা ও নিগ্রহের ঘটনা ঘটলেও সে বিষয়ে বিরোধীরা নীরব থাকছেন বলে অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আগে অন্য রাজ্য থেকে কেউ এলে রেল, বিমানবন্দর ও বন্দর কর্তৃপক্ষ রাজ্যকে তথ্য দিত। কিন্তু গত কয়েক বছরে সেই তথ্য আদানপ্রদান কমে গেছে বলে তাঁর দাবি। সীমান্তে জমি দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
বাজেট অধিবেশনের এই আলোচনাকে ঘিরে শাসক ও বিরোধী পক্ষের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহল।





