কোচবিহার, ৫ মার্চ: তৃণমূল কংগ্রেসের হামলায় ভেঙে যাওয়া সেই গাড়ি নিয়েই রওনা হল বিজেপির পরিবর্তন যাত্রার রথ।কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাসমেলা মাঠ থেকে রওনা হয়ে বিজেপির এই রথ পৌঁছায় উত্তর বিধানসভা কেন্দ্রের খাগড়াবাড়িতে।
রথে চেপে ছিলেন বিজেপির সাংসদ মনোজ টিগগা, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক সহ বিজেপির নেতৃত্বরা। জানা গেছে আজ কোচবিহারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ঘুরে আগামীকাল রথ পৌঁছে যাবে আলিপুরদুয়ার জেলায়। ১ মার্চ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতির নবীন কোচবিহারে এই পরিবর্তন যাত্রা রথের পথ চলার সূচনা করেছিলেন।
এরপর হোলির জন্য দুদিন অপেক্ষা করে আজ কোচবিহার থেকে এই রথ রওনা হল। তবে গতরাতে এই বিজেপির রথের উপরে তৃণমূল কংগ্রেস হামলা চালায় বলে অভিযোগ। ইট পাথরের ঢিলে ভেঙে যায় রথের গাড়ির সামনের কাঁচ। সেই ভেঙে যাওয়া কাছের সামনের অংশ সহ গাড়িটিকে নিয়েই রথযাত্রা করেছে বিজেপি।
এদিকে খাগড়াবাড়িতে ছিল তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। তাই খাগড়াবাড়ি মোড় হয়ে বিজেপির এই রথ যাওয়ার সময় ছিল পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা। পুলিশ ব্যারিকেড করে বিজেপির রথ কে এগিয়ে যেতে সহযোগিতা করেছে।





