পূর্ব মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারিঃ বঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। তার মধ্যেই শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে বড়সড় ধাক্কা খেল বিজেপি। ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতের সদস্যা-সহ প্রায় ৫০০ পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এর জেরে গোজিনা গ্রাম পঞ্চায়েত কার্যত বিজেপির হাতছাড়া হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা।
সূত্রের খবর, কয়েকদিন আগেই ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল তৃণমূলে যোগ দেন। এবার তাঁর স্ত্রী খুকুরানি মণ্ডল এবং গোজিনা গ্রাম পঞ্চায়েত সদস্যা কাকলী চৌধুরীও তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। একইসঙ্গে এলাকার অন্তত ৫০০ পরিবার শাসকদলে নাম লেখায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীর নিজ জেলায় এই ভাঙন বিজেপির কাছে বড়সড় ধাক্কা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন শুভেন্দু। তবে তার আগেই পূর্ব মেদিনীপুরে সাংগঠনিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে গেরুয়া শিবিরকে।
তৃণমূল নেতৃত্বের দাবি, উন্নয়নমূলক কাজ এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে আস্থা রেখেই মানুষ বিজেপি ছেড়ে তাঁদের দলে আসছেন। অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্ব এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ এবং দাবি করছে, ভোটের আগে এ ধরনের দলবদল রাজনীতির অংশ।
ভোটের আগে পূর্ব মেদিনীপুরের এই রাজনৈতিক সমীকরণ যে আগামী দিনে আরও চর্চার বিষয় হবে, তা বলাই বাহুল্য।





