খবরিয়া ২৪ ডেস্ক, ৫ মার্চঃ ক্রিকেট মহলের অন্যতম আলোচিত ঘটনা বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অর্জুন টেন্ডুলকার ও সানিয়া চন্দোক। ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার-এর পুত্রের এই বিয়েকে কেন্দ্র করে মুম্বইয়ে বসেছে যেন তারকাদের মেলা। ক্রিকেট, রাজনীতি ও বিনোদন জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব নবদম্পতির নতুন জীবনের সাক্ষী থাকতে উপস্থিত হয়েছেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় বিয়ের নানা আচার অনুষ্ঠান। বেলা ১১টা ৫৪ মিনিট নাগাদ মূল বিয়ের পর্ব শুরু হয়। দুপুরের মধ্যেই প্রকাশ্যে আসে বিয়ের সাজে অর্জুন ও সানিয়ার বেশ কিছু ছবি, যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ও বর্তমান ক্রিকেট তারকারা। অতিথি তালিকায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, সুনীল গাভাস্কার, অনিল কুম্বলে, সৌরভ গাঙ্গুলী এবং হরভজন সিং-সহ আরও অনেকেই। এছাড়াও অনুষ্ঠানে পৌঁছেছেন জয় সাহা। রাজনৈতিক মহল থেকেও আমন্ত্রণ গিয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর কাছে।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ছিল বিশেষ কিছু নিয়ম। অতিথিদের জন্য আলাদা আলাদা কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছিল। সেই কোড দেখিয়েই প্রবেশ করতে হয়েছে অনুষ্ঠানস্থলে। এছাড়া অতিথিদের উপহার নিয়ে আসতে নিরুৎসাহিত করা হয়েছিল। বরং ফুল দিয়েই শুভেচ্ছা জানানোর অনুরোধ করা হয়।
শচীন তেণ্ডুলকরের দীর্ঘ ক্রিকেটজীবনের সহযোদ্ধা এবং ঘনিষ্ঠদের অনেককেই এই বিয়েতে নিমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা গেছে। ফলে এই অনুষ্ঠান ঘিরে মুম্বইয়ে যেন এক অনন্য তারকাখচিত পরিবেশ তৈরি হয়। ক্রিকেট মহলের পাশাপাশি ভক্তদের মধ্যেও এই বিয়েকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন দেশ-বিদেশের অসংখ্য ক্রিকেটপ্রেমী।





