কোচবিহার, ৬ মার্চঃ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নতুন রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করা হলো। মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্যের গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে পুঁটিমারী ফুলেশ্বরি অঞ্চলে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হয়। এদিন আনুষ্ঠানিকভাবে এই রাস্তা নির্মাণের সূচনা করেন কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক।
জানা গিয়েছে, পুঁটিমারী ফুলেশ্বরি অঞ্চলের নওয়ারকুরা থেকে পুঁটিমারী ফুলেশ্বরি জুনিয়র বেসিক স্কুল ভায়া রাখালমারি বাজার পর্যন্ত মোট ৯.১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণ করা হবে। এই প্রকল্পে প্রায় ৫ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। গ্রামোন্নয়ন দফতরের আরআইবিএফ তহবিলের অর্থে এই রাস্তা তৈরি হবে।
নতুন এই রাস্তা তৈরি হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ছাত্রছাত্রী, কৃষক এবং সাধারণ মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে। দীর্ঘদিন ধরেই এই রাস্তার দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ।
এদিন এবিষয়ে অভিজিৎ দে ভৌমিক জানান, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুঁটিমারী ফুলেশ্বরি অঞ্চলে বহুদিন ধরে এই রাস্তার প্রয়োজন ছিল। রাস্তাটি নির্মিত হলে মোট আটটি বুথের মানুষ সরাসরি উপকৃত হবেন। তিনি বলেন, “আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে বিষয়টি এনেছিলাম। তাঁদের উদ্যোগ ও অনুপ্রেরণাতেই এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।”
এই রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন করে সাধারণ মানুষের জন্য রাস্তা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত খুলবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।





