মালদা, ১৭ জানুয়ারি: ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হল এক নতুন পালক। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদা টাউন স্টেশন থেকে সবুজ পতাকা উড়িয়ে হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করেন তিনি। প্রথম দিন এই ট্রেন মালদা থেকে অসমের কামাখ্যার উদ্দেশে যাত্রা শুরু করলেও, নিয়মিতভাবে ট্রেনটি হাওড়া থেকেই ছাড়বে বলে জানানো হয়েছে।
উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নিজে বন্দে ভারত স্লিপার ট্রেনটি ঘুরে দেখেন। চালকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতার কথা শোনেন। ট্রেনে উপস্থিত স্কুলের কচিকাঁচাদের সঙ্গেও আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অন্যতম উজ্জ্বল নিদর্শন হিসেবে এই অত্যাধুনিক ট্রেনকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য এই প্রকল্পকে বিশেষ উপহার বলেও মনে করা হচ্ছে।
কমলা ও ধূসর রঙের এই আধুনিক বন্দে ভারত স্লিপার ট্রেন যাত্রীদের জন্য আরামদায়ক ও সাশ্রয়ী যাত্রার অভিজ্ঞতা দেবে। স্লিপার কোচের সুব্যবস্থা থাকায় দীর্ঘ দূরত্বের রাতের সফর হবে আরও স্বচ্ছন্দ। রেলের দাবি, এই ট্রেন চালু হওয়ায় যাত্রীদের কমপক্ষে ছয় ঘণ্টা সফরের সময় সাশ্রয় হবে, যা উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগকে আরও মজবুত করবে।
উদ্বোধনের দিন মালদা টাউন স্টেশন ছাড়ার পর ট্রেনটি সাতটি স্টেশনে দাঁড়ায়—আলুবারি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও ও রঙ্গিয়া। এই রুটে চলাচলের ফলে উত্তরবঙ্গ ও অসমের মধ্যে যাতায়াত আরও দ্রুত ও সুবিধাজনক হবে বলে আশা।
বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী আরও চারটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন এবং দুটি এক্সপ্রেস ট্রেনেরও ফ্ল্যাগ অফ করেন। সব মিলিয়ে, এই দিনটি ভারতীয় রেলের আধুনিকীকরণ ও উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রইল।





